রাজ্য

নতুন চিঠি কমিশনের, বাংলায় ভোটার তালিকা সংশোধনে জোরদার প্রস্তুতি

বিহারের পর এবার পশ্চিমবঙ্গেও বিশেষ নিবিড় পরিমার্জন (Special Intensive Revision বা SIR) শুরু হওয়া কার্যত নিশ্চিত। জল্পনা চলছিল আগেই, এবার সেই জল্পনাকেই আরও জোরালো করল কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ফের পাঠানো চিঠি। সূত্রের খবর, শুধু পশ্চিমবঙ্গ নয়, দেশের প্রতিটি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) দফতরেই গিয়েছে এই চিঠি।

আগেই গত ৫ অগস্ট একটি চিঠি গিয়েছিল রাজ্যের সিইও-র দফতরে। তার পর ফের কমিশনের তরফে নতুন নির্দেশ। আগস্টের মধ্যেই প্রস্তুতি শেষ করতে চাইছে কমিশন। তাই এবার ERO, AERO-সহ শূন্যপদ পূরণের কার্যকরী রিপোর্ট তলব করা হয়েছে। প্রতিটি রাজ্যকে ২৯ অগস্ট বিকেল পাঁচটার মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

গত রবিবার সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন, বিশেষ নিবিড় পরিমার্জন কবে থেকে শুরু হবে, তা সঠিক সময়ে ঘোষণা করা হবে। পশ্চিমবঙ্গসহ দেশের অন্যান্য রাজ্যের ক্ষেত্রেও একই প্রক্রিয়া অনুসৃত হবে।

উল্লেখ্য, এর আগে সুপ্রিম কোর্টে চলা এক মামলায় পশ্চিমবঙ্গ সরকারের আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণ অভিযোগ করেছিলেন, রাজ্য সরকারের সঙ্গে পরামর্শ না করেই কমিশন একতরফা ভাবে এই প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছে। ৮ অগস্ট কমিশনের পাঠানো চিঠির বিষয়টি আদালতে তুলে ধরে তিনি প্রশ্ন তুলেছিলেন, রাজ্যের সম্মতি ছাড়া কীভাবে পশ্চিমবঙ্গে SIR কার্যকর করা হচ্ছে।

সব মিলিয়ে, ২০২৬ সালের বিধানসভা ভোটের আগে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়াকে আরও নিখুঁত করতে কমিশনের এই উদ্যোগকে রাজনৈতিক মহলে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.