রাজ্য

গর্তের দুর্ভোগ কাটতে চলেছে! ১৫ অক্টোবরের মধ্যে ১২ নম্বর NH মেরামত, সামনে বড় বদল

জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে দীর্ঘদিনের অভিযোগের পর এবার তৎপর জাতীয় সড়ক কর্তৃপক্ষ। কলকাতা-শিলিগুড়ি সংযোগকারী ১২ নম্বর জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় তৈরি হওয়া গর্ত মেরামতির কাজ শুরু হয়েছে। NHAI সূত্রে খবর, আগামী ১৫ অক্টোবরের মধ্যে গুরুত্বপূর্ণ অংশগুলির মেরামতির কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

পূর্বতন ৩৪ নম্বর জাতীয় সড়কের বিভিন্ন অংশের বেহাল অবস্থার তথ্য ইতিমধ্যেই সংশ্লিষ্ট প্রজেক্ট ডিরেক্টর এবং রাজ্য সরকারের কাছ থেকে সংগ্রহ করেছে NHAI। সেই তালিকা অনুযায়ী সংস্কারের কাজ এগোচ্ছে। তবে বর্ষার কারণে কয়েকটি জায়গায় কাজ ব্যাহত হয়েছে বলেও জানা গিয়েছে।

তবে শুধু গর্ত বুজিয়ে পরিস্থিতি সামাল দেওয়া নয়, ১২ নম্বর জাতীয় সড়ককে দীর্ঘমেয়াদে আরও উন্নত করে তোলার পরিকল্পনাও রয়েছে। NHAI সূত্রে খবর, প্রকল্পটির জন্য বড় অঙ্কের অর্থ বরাদ্দের প্রস্তুতি চলছে। প্রশাসনিক অনুমোদন মিললেই শুরু হতে পারে টেন্ডার প্রক্রিয়া।

ফ্লাইওভার থেকে আন্ডারপাস, বদলাবে পরিকাঠামো

অত্যধিক জনবসতিপূর্ণ এলাকায় যানজট ও দুর্ঘটনা কমাতে একাধিক ফ্লাইওভার তৈরির পরিকল্পনা রয়েছে। বেশ কয়েকটি প্রকল্পের বিস্তারিত রিপোর্ট বা DPR-ও তৈরি হয়েছে বলে জানা যাচ্ছে।

এর পাশাপাশি প্রয়োজন অনুযায়ী তৈরি হবে সার্ভিস রোড ও আন্ডারপাস। জাতীয় সড়কের পাশে উন্নত ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে, যাতে বর্ষায় জল জমে রাস্তার ক্ষতি কম হয়।

রাতের যাত্রা আরও নিরাপদ করতে গোটা সড়কজুড়ে উন্নত স্ট্রিট লাইটিং ব্যবস্থার কথাও ভাবা হয়েছে। অর্থাৎ আপাতত গর্ত মেরামত করে যান চলাচল স্বাভাবিক করার পাশাপাশি ভবিষ্যতে ১২ নম্বর জাতীয় সড়কের আমূল পরিকাঠামোগত উন্নয়নের দিকেও এগোচ্ছে কর্তৃপক্ষ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.