সরকার পরিবর্তনের পর কলকাতার রেড রোডে প্রথম স্বাধীনতা দিবস উদযাপন। শনিবার ৮০তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের পর রাজ্যের উন্নয়ন, কর্মসংস্থান এবং নারী সুরক্ষাকে সামনে রেখে একাধিক বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
অনুষ্ঠানের শুরুতেই নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান করেন মুখ্যমন্ত্রী। এরপর পুলিশ মেমোরিয়ালে শ্রদ্ধা জানান তিনি। রেড রোডের মূল মঞ্চে পৌঁছে জাতীয় পতাকা উত্তোলনের পর শুরু হয় কুচকাওয়াজ ও সাংস্কৃতিক কর্মসূচি।
স্বাধীনতা দিবসের বক্তব্যে শুভেন্দু বলেন, ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্য পূরণ করতে হলে ‘বিকশিত পশ্চিমবঙ্গ’ গড়ে তোলা জরুরি। তাঁর কথায়, রাজ্যের হারানো গৌরব ফিরিয়ে আনাই নতুন সরকারের অন্যতম লক্ষ্য। সেই সঙ্গে কর্মসংস্থান বাড়ানো, নারী সুরক্ষা নিশ্চিত করা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে আরও শক্তিশালী করার কথাও জানান তিনি।
পাহাড় থেকে সাগর, জঙ্গলমহল থেকে তরাই-ডুয়ার্স—রাজ্যের প্রতিটি প্রান্তে উন্নয়নের সুফল পৌঁছে দেওয়ার বার্তা দেন মুখ্যমন্ত্রী। সংবিধানকে সামনে রেখে রাজ্যবাসীর প্রত্যাশা পূরণের আশ্বাসও দেন তিনি। রাজনৈতিক বিভাজন ভুলে উন্নত পশ্চিমবঙ্গ গড়ার আহ্বান জানান শুভেন্দু।
এদিন রেড রোডে কুচকাওয়াজের পাশাপাশি নজর কাড়ে একাধিক ট্যাবলো। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী থেকে শুরু করে অন্নপূর্ণা যোজনা, বেটি বচাও-বেটি পড়াও, আয়ুষ্মান ভারত, টিবি মুক্ত ভারত অভিযান—বিভিন্ন সরকারি উদ্যোগ তুলে ধরা হয়।
এছাড়াও সাইবার অপরাধ সচেতনতা, নারী যাত্রীদের বিনামূল্যে সরকারি বাস পরিষেবা, সড়ক নিরাপত্তা, ‘সেফ অ্যান্ড সিকিওর ওয়েস্ট বেঙ্গল’ এবং প্রধানমন্ত্রী সূর্য ঘর প্রকল্পের মতো বিষয়ও উঠে আসে ট্যাবলোয়। ইতিহাস, ঐতিহ্য, জনকল্যাণ ও উন্নয়নের বার্তা মিলিয়ে এবারের রেড রোডের অনুষ্ঠান কার্যত নতুন সরকারের অগ্রাধিকারেরই প্রতিচ্ছবি হয়ে উঠল।






