পুজোর আর বেশি দেরি নেই। কিন্তু তার আগেই আবহাওয়ার খামখেয়ালি মেজাজে চিন্তায় রাজ্যবাসী। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রায় প্রতিদিনই বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে। ফলে দুর্গাপুজোর দিনগুলিতে আবহাওয়া কেমন থাকবে, তা নিয়ে তৈরি হয়েছে কৌতূহল। পুজোয় কি এবারও বৃষ্টির ভ্রুকুটি থাকবে?
পুজো শুরু হতে এখনও বেশ কিছুটা সময় বাকি। তাই এখনই চূড়ান্ত পূর্বাভাস দেওয়া সম্ভব নয়। তবে বিভিন্ন নিউমেরিক্যাল ওয়েদার মডেল বিশ্লেষণ করে প্রাথমিক পূর্বাভাস দিয়েছেন ‘ওয়েদার আলটিমার’ কর্ণধার রবীন্দ্র গোয়েঙ্কা। সেই পূর্বাভাস অনুযায়ী, পুজোর দিনগুলিতেও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
পূর্বাভাস বলছে, ১০ অক্টোবর মহালয়ার দিন কলকাতা ও সংলগ্ন এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। কোথাও কোথাও হালকা বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। পঞ্চমীতেও আকাশ মেঘলা থাকার পাশাপাশি থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।
১৭ ও ১৮ অক্টোবর, ষষ্ঠী ও সপ্তমীতে আকাশ মেঘলা থাকতে পারে। দুপুরের পর বা সন্ধ্যার দিকে কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অষ্টমী ও নবমীতেও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও হুগলির কিছু অংশে বৃষ্টি হতে পারে।
তবে আপাতত ভারী বৃষ্টির কোনও ইঙ্গিত নেই। দশমীতেও মোটামুটি একই পরিস্থিতি থাকতে পারে। অবশ্য পুজোর এখনও সময় বাকি থাকায় এই পূর্বাভাসে পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে।







