জেলারাজনীতি

বোলপুরে ভরসন্ধ্যায় শুটআউট, গুলিতে খুন বিজেপির বুথ সভাপতি! বাইকে চেপে পালাল ২ দুষ্কৃতী

ভরসন্ধ্যায় বোলপুরে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে বিজেপির এক বুথ সভাপতিকে খুনের অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। পরিবারের দাবি, রাজনৈতিক বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড। যদিও এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম চন্দন ভল্লা। বোলপুরের ১১ নম্বর ওয়ার্ডের বিজেপির ২০১ নম্বর বুথের সভাপতি ছিলেন তিনি। পরিবারের অভিযোগ, রবিবার সন্ধ্যায় ফোন করে চন্দনকে ডেকে পাঠানো হয়। এরপর ১২ নম্বর ওয়ার্ডের ত্রিশূলাপট্টি এলাকায় তাঁর পথ আটকায় দুষ্কৃতীরা। অভিযোগ, খুব কাছ থেকে তাঁর মাথা লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন চন্দন।

গুলির শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে দ্রুত বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে চিকিৎসকরা চন্দনকে মৃত বলে ঘোষণা করেন।

স্থানীয়দের দাবি, ঘটনার পর একটি অ্যাপাচে বাইকে দুই যুবককে দ্রুতগতিতে এলাকা ছেড়ে পালিয়ে যেতে দেখা যায়। তাঁদের মুখ কাপড়ে ঢাকা ছিল বলে জানা গিয়েছে। কারা এই হামলার সঙ্গে জড়িত এবং কী কারণে এই খুন, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

মৃতের ছেলে শুভ্রকান্তি ভল্লার দাবি, তাঁর বাবার সঙ্গে কারও ব্যক্তিগত বিবাদ ছিল না। রাজনৈতিক শত্রুতার কারণেই তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের।

পরিবারের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। বীরভূমের পুলিশ সুপার বিদিত রাজ বুন্দেশ জানান, সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ চন্দনের মাথায় গুলি করা হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। ঘটনার তদন্ত চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.