বঙ্গোপসাগরে ফের তৈরি হল নতুন নিম্নচাপ। বৃহস্পতিবার বিকেলে উত্তর ও সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। আবহাওয়া দফতর জানাচ্ছে, শুক্রবারের মধ্যে এটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হবে। ধীরে ধীরে তা আরও শক্তি সঞ্চয় করে গভীর নিম্নচাপের আকার নিতে পারে। এরপর স্থলভাগে প্রবেশ করবে দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল দিয়ে। ফলে ওই দুই রাজ্যে প্রবল দুর্যোগের আশঙ্কা রয়েছে।
কলকাতাসহ দক্ষিণবঙ্গেও নিম্নচাপের প্রভাব পড়বে। সপ্তমী পর্যন্ত বৃষ্টি চলবে বলে পূর্বাভাস। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের জন্য ইতিমধ্যেই সতর্কবার্তা জারি হয়েছে। তবে আবহবিদদের দাবি, সোমবার রাতের মতো ভয়াবহ পরিস্থিতি ফেরার সম্ভাবনা নেই।
আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস বলেন, ‘‘আগের নিম্নচাপ অঞ্চলটি পশ্চিমবঙ্গের উপকূলের খুব কাছ দিয়ে গিয়েছিল। তাই বৃষ্টি বেশি হয়েছিল। কিন্তু এবারকার নিম্নচাপ তুলনায় অনেক নীচ দিয়ে যাবে। দক্ষিণ ওড়িশার উপকূল ঘেঁষে স্থলভাগে প্রবেশ করবে। ফলে বাংলায় এর প্রভাব তুলনামূলক কম পড়বে।’’
ইতিমধ্যেই বৃহস্পতিবার রাতে কলকাতায় এক পশলা বৃষ্টি হয়েছে। পূর্ব বর্ধমান ও হুগলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি হয়েছে। পশ্চিম বর্ধমান ও বাঁকুড়ায় জারি হয়েছে হলুদ সতর্কতা।
আবহাওয়ার পূর্বাভাস বলছে, ২৬ তারিখ রাত থেকে ২৮ তারিখ সকাল পর্যন্ত দক্ষিণবঙ্গে সবচেয়ে বেশি প্রভাব পড়বে। আকাশ মেঘলা থাকবে, সঙ্গে মাঝেমধ্যেই বৃষ্টি। তবে পুজোর আনন্দে জলভোগান্তির আশঙ্কা এবার তুলনামূলক কম।
প্রশ্ন থেকেই যাচ্ছে—পুজোর দিনগুলোতে বৃষ্টি কতটা কাঁটা হয়ে দাঁড়াবে? আপাতত আবহাওয়া দফতরের আশ্বাস, প্রবল দুর্যোগ নয়, তবে ছিটেফোঁটা বৃষ্টি সঙ্গী হবেই।







