কলকাতা শহরের বুকে ফের চাঞ্চল্যকর মৃত্যু। যোধপুর পার্কের অভিজাত আবাসনে ফ্ল্যাটের ছাদ থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু এক তরুণীর। মৃতার নাম সায়নী শেখ (২৩)। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কালনা কলেজের সাইকোলজির ছাত্রী ছিলেন তিনি। তবে থাকতেন দিদির সঙ্গে, যোধপুর পার্কের ওই বহুতলে, পেইং গেস্ট হিসেবে।
বুধবার সকাল। আচমকা বিকট শব্দে কেঁপে ওঠে গোটা আবাসন। বাসিন্দারা ছুটে এসে দেখেন, রক্তাক্ত দেহ পড়ে রয়েছে আবাসনের সামনেই। সঙ্গে সঙ্গেই তরুণীকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। খবর দেওয়া হয় লেক থানায়। পুলিশ দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে।
কিন্তু প্রশ্ন একটাই—কেন এই ঝাঁপ?
প্রাথমিক তদন্তে উঠে এসেছে, সায়নী দীর্ঘ ৮ বছর ধরে মানসিক রোগে ভুগছিলেন। সূত্রের খবর, ঘটনার আগে পারিবারিক অশান্তি ও দিদির সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন তিনি। সেই মানসিক চাপেই কি এমন চরম সিদ্ধান্ত?
তবে, পুলিশ অন্য সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না। প্রেমঘটিত সম্পর্ক, মানসিক অবসাদ—সব কিছুই খতিয়ে দেখা হচ্ছে। মৃতার মোবাইল ফোন ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হবে বলে জানানো হয়েছে।
শোকস্তব্ধ পরিবার, স্তম্ভিত এলাকাবাসী। জীবনের সঙ্গে লড়াইয়ে হার মানলেন আরেক তরুণী। আতঙ্কে ঘুম উড়েছে যোধপুর পার্কের বহু বাসিন্দার। সত্যি কী ঘটেছিল সেদিন সকালে? তার জবাব এখনও অধরা।







