কলকাতা

ডেঙ্গি প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে অগ্নিমিত্রা, বেতনবৃদ্ধির আশ্বাস অস্থায়ী স্বাস্থ্যকর্মীদের

কলকাতা: ডেঙ্গি প্রতিরোধে সচেতনতামূলক প্রচারে গিয়ে অস্থায়ী স্বাস্থ্যকর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল। সোমবার চিৎপুরে পুরসভার ডেঙ্গি-বিরোধী কর্মসূচি শেষে এলাকা ছাড়ার সময় মন্ত্রীর গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখান পুরসভার অস্থায়ী স্বাস্থ্যকর্মীদের একাংশ। তাঁদের মূল দাবি, দৈনিক ভাতা বৃদ্ধি এবং পারিশ্রমিক কাঠামোর পুনর্মূল্যায়ন।
কর্মসূচি শেষে অগ্নিমিত্রা গাড়িতে ওঠার পরই তাঁর গাড়ির সামনে জড়ো হন বিক্ষোভকারীরা। নিজেদের বেতন ও কর্মপরিস্থিতি নিয়ে ক্ষোভের কথা জানান তাঁরা। পরিস্থিতি সামাল দিতে গাড়ি থেকেই তাঁদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। অস্থায়ী স্বাস্থ্যকর্মীরা বর্তমানে দৈনিক ৩০৩ টাকা করে পান বলেও জানান তিনি।
অগ্নিমিত্রা বলেন, “ওঁরা দিনে মাত্র ৩০৩ টাকা পান। আমরা অবশ্যই ওঁদের বেতন বাড়ানোর চেষ্টা করব। এই সরকারের আমলে কারও বেতন বন্ধ হয়নি, আর বন্ধ হবেও না। বেতন বরং বাড়বে।”
তবে বেতন বৃদ্ধির বিষয়ে আশ্বাস দেওয়ার পাশাপাশি রাজ্যের আর্থিক পরিস্থিতির কথাও তুলে ধরেন পুরমন্ত্রী। তাঁর বক্তব্য, অস্থায়ী স্বাস্থ্যকর্মীদের দাবিদাওয়া খতিয়ে দেখা হবে, তবে যে কোনও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে রাজ্যের কোষাগারের বর্তমান পরিস্থিতি বিবেচনায় রাখতে হবে।
মন্ত্রী বলেন, “রাজ্যের কোষাগারের হাল কী, সে দিকে নজর রেখেই আমাদের এগোতে হবে। আগের সরকার বিপুল ঋণের বোঝা রেখে গিয়েছে। তার উপর একাধিক সামাজিক প্রকল্প চলছে। ফলে যা-ই সিদ্ধান্ত নেওয়া হোক না কেন, রাজ্যের কোষাগারের বাস্তব সক্ষমতা বিবেচনা করেই তা করা হবে।”
অন্যদিকে, বিক্ষোভকারী স্বাস্থ্যকর্মীদের বক্তব্য, পুরসভার স্বাস্থ্য পরিষেবা ও ডেঙ্গি প্রতিরোধের মতো গুরুত্বপূর্ণ কাজে নিয়মিত দায়িত্ব পালন করলেও তাঁদের পারিশ্রমিক দীর্ঘদিন ধরে অত্যন্ত কম। সেই কারণেই মন্ত্রীর কাছে সরাসরি নিজেদের দাবিদাওয়া তুলে ধরেছেন তাঁরা।
এদিনের ঘটনায় ডেঙ্গি প্রতিরোধের কর্মসূচির পাশাপাশি পুরসভার অস্থায়ী স্বাস্থ্যকর্মীদের পারিশ্রমিকের বিষয়টিও নতুন করে সামনে এল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.