টাটা গোষ্ঠীর অন্দরে ক্রমবর্ধমান মতবিরোধের আবহে এবার দুই পক্ষকে আলোচনার মাধ্যমে সমস্যা মিটিয়ে নেওয়ার পরামর্শ দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। টাটা সন্স এবং টাটা ট্রাস্টসের মধ্যে নেতৃত্ব ও পরিচালন সংক্রান্ত টানাপোড়েনের প্রেক্ষিতে তাঁর বক্তব্য, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পগোষ্ঠীর অভ্যন্তরীণ বিরোধ কোনওভাবেই প্রকাশ্যে আসা উচিত নয়।
সীতারামন স্পষ্টভাবে জানিয়েছেন, টাটা গোষ্ঠীর মতো প্রতিষ্ঠানের ভারতের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই সংস্থার অভ্যন্তরীণ মতপার্থক্য সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মিটিয়ে নেওয়াই কাম্য। তবে এই বিতর্কে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের সম্ভাবনা নিয়ে সরাসরি কোনও মন্তব্য করেননি তিনি। বিষয়টিকে সংবেদনশীল বলেই উল্লেখ করেছেন অর্থমন্ত্রী।
উল্লেখ্য, টাটা গোষ্ঠীর নেতৃত্ব, পরিচালন কাঠামো এবং ভবিষ্যৎ কৌশল ঘিরে সাম্প্রতিক সময়ে নানা জল্পনা তৈরি হয়েছে। এবার কেন্দ্রীয় অর্থমন্ত্রীর মন্তব্য ঘিরে কর্পোরেট মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।






