কেন্দ্র

উৎসবের আগে চিনির দামে স্বস্তি? মজুতের নিয়মে বড় বদল কেন্দ্রের, থাকছে কড়া শর্ত

উৎসবের মরসুমে বাজারে চিনির সরবরাহ স্বাভাবিক রাখতে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। সংস্থাগুলির জন্য চিনির মজুতের সীমা বাড়ানো হয়েছে। এত দিন যেখানে সর্বোচ্চ ১৫ দিনের প্রয়োজন অনুযায়ী চিনি মজুত করা যেত, এবার নির্দিষ্ট শর্তে তা বাড়িয়ে ৩০ দিন করা হয়েছে।

আগস্টে দেশের বিভিন্ন বাজারে চিনির দাম বেশ কিছুটা বেড়েছিল। কোনও কোনও জায়গায় খুচরো বাজারে প্রতি কেজি চিনির দাম ৬৫ টাকা পর্যন্ত পৌঁছেছিল। তবে সেপ্টেম্বরের শুরু থেকে পরিস্থিতির কিছুটা পরিবর্তন হয়েছে। বর্তমানে খুচরো বাজারে গড় দাম প্রায় ৫৮.৫০ টাকা কেজির আশপাশে রয়েছে।

এই পরিস্থিতিতে উৎসবের সময় বাড়তি চাহিদা সামাল দিতে মজুতের নিয়মে পরিবর্তন এনেছে কেন্দ্র। নতুন নিয়মে সংস্থাগুলি এক মাসের প্রয়োজন মেটানোর মতো চিনি হাতে রাখতে পারবে। তবে ১৫ দিনের অতিরিক্ত মজুতের ক্ষেত্রে রয়েছে নির্দিষ্ট শর্ত।

কেন্দ্র জানিয়েছে, অতিরিক্ত ১৫ দিনের মজুতের জন্য শুধুমাত্র নির্দিষ্ট আমদানি ব্যবস্থার আওতায় আসা চিনি ব্যবহার করা যাবে। এর মধ্যে রয়েছে অ্যাডভান্স অথরাইজেশন স্কিম এবং ট্যারিফ রেট কোটা বা TRQ-এর আওতায় আমদানি করা চিনি।

অন্যদিকে, খোলা বাজার থেকে কেনা চিনির ক্ষেত্রে কোনও পরিবর্তন হচ্ছে না। ওপেন মার্কেট থেকে সংগ্রহ করা চিনি সর্বোচ্চ ১৫ দিনের প্রয়োজন অনুযায়ী মজুত রাখা যাবে। অর্থাৎ সব ধরনের চিনি কিনে ইচ্ছেমতো মজুত করার সুযোগ সংস্থাগুলিকে দেওয়া হয়নি।

উৎসবের আগে সরবরাহ বাড়াতে এর আগেও একাধিক পদক্ষেপ করেছে কেন্দ্র। বাজারে চিনি সরবরাহ বাড়ানোর জন্য ১০ লক্ষ টন আমদানির অনুমতি দেওয়া হয়েছে। পাশাপাশি ৮ লক্ষ টন চিনি রপ্তানির অনুমতিও দেওয়া হয়েছে।

কেন্দ্রের এই পদক্ষেপের মূল লক্ষ্য বাজারে সরবরাহ ও চাহিদার মধ্যে ভারসাম্য রাখা। উৎসবের সময়ে চাহিদা বাড়লেও যাতে হঠাৎ সরবরাহের ঘাটতি তৈরি না হয় এবং তার প্রভাব খুচরো দামে না পড়ে, সেই বিষয়টিই মাথায় রাখা হয়েছে। এখন নজর, নতুন মজুত নীতির প্রভাব আগামী দিনে বাজারদরে কতটা পড়ে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.