কাকামিগাহারা: এশিয়ান গেমস ২০২৬-এ হকিতে দুরন্ত সূচনা ভারতের। মহিলাদের পর পুরুষ দলও নিজেদের প্রথম ম্যাচে দাপট দেখাল। রবিবার পুল ‘এ’-র ম্যাচে ইন্দোনেশিয়াকে ১৩-১ গোলে হারিয়ে অভিযান শুরু করল গতবারের চ্যাম্পিয়ন ভারত।
শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেললেও প্রথম কোয়ার্টারে ইন্দোনেশিয়ার রক্ষণ কিছুটা সমস্যায় ফেলেছিল ভারতকে। ষষ্ঠ মিনিটে শিলানন্দ লাকরার গোলে ম্যাচের খাতা খোলে ভারত। ১২ মিনিটে ব্যবধান বাড়ান অভিষেক।
দ্বিতীয় কোয়ার্টারে যেন অন্য রূপে দেখা যায় ভারতকে। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে একের পর এক গোল আসে। দিলপ্রীত সিং ১৮ ও ১৯ মিনিটে পরপর দু’টি গোল করেন। এরপর রাজিন্দর সিং ও মনদীপ সিং গোল করে ভারতকে আরও এগিয়ে দেন। প্রথমার্ধের শেষ দিকে পেনাল্টি কর্নার থেকে গোল করেন অধিনায়ক হরমনপ্রীত সিং। বিরতিতে ভারত এগিয়ে ছিল ৭-০।
তৃতীয় কোয়ার্টারে ইন্দোনেশিয়ার হয়ে আউলিয়া আল আরধ একটি গোল শোধ করেন। তবে এরপরও ভারতের আক্রমণের গতি থামেনি। শিলানন্দ, দিলপ্রীত ও সুখজিৎরা ব্যবধান বাড়াতে থাকেন। শেষ পর্যন্ত দিলপ্রীত চারটি গোল করেন। শিলানন্দ ও সুখজিৎ দু’টি করে গোল করেন।
এর আগে একই দিনে ভারতীয় মহিলা দল উজবেকিস্তানকে ১৯-০ গোলে হারিয়েছিল। ফলে একদিনে ভারতের দুই হকি দল মিলে প্রতিপক্ষের জালে বল পাঠাল ৩২ বার।
পুরুষ দলের পরবর্তী ম্যাচ মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে।







