ভারতীয় নৌবাহিনীর দুর্ধর্ষ অভিযানে জলদস্যুদের কবল থেকে নিরাপদে উদ্ধার হল মাছ ধরার জাহাজ ‘আজিনি’-র ২০ জন নাবিক। প্রায় ৪৮ ঘণ্টার টানা অভিযানের পর গত ২ নভেম্বর সফলভাবে এই উদ্ধারকাজ সম্পন্ন হয়। জানা গিয়েছে, মুম্বই থেকে প্রায় ৩ হাজার কিলোমিটারেরও বেশি দূরে জলদস্যুরা জাহাজটি ছিনতাই করেছিল।
ঘটনার খবর সামনে আসতেই দ্রুত অভিযানে নামে ভারতীয় নৌবাহিনী। ভারতীয় বায়ুসেনার সহযোগিতায় যুদ্ধজাহাজ এবং সামুদ্রিক নজরদারি বিমানের মাধ্যমে জাহাজটির অবস্থান শনাক্ত করা হয়। এরপর বিশেষ অভিযান চালিয়ে জাহাজটিকে নিজেদের নিয়ন্ত্রণে আনা হয়। পুরো অভিযানে কোনও প্রাণহানি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
এই সাফল্যের জন্য ভারতীয় নৌবাহিনীকে অভিনন্দন জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তাঁর মতে, এই অভিযান আন্তর্জাতিক জলসীমায় ভারতের সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকারকে আরও একবার তুলে ধরল।







