পাকিস্তানের উদ্দেশে কাতার থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (LNG) নিয়ে যাওয়ার পথে হরমুজ প্রণালীর কাছে হামলার মুখে পড়ল একটি গ্যাসবাহী জাহাজ। গত ৩০ অক্টোবর মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী ‘আল মায়েদা’ নামের ট্যাঙ্কারটিতে হামলার ঘটনা ঘটে। উল্লেখযোগ্যভাবে, ইরান কর্তৃপক্ষের কাছ থেকে নিরাপদে যাতায়াতের অনুমতি পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এই হামলা হয় বলে জানা গিয়েছে।
জাহাজটির পরিচালনাকারী সংস্থা নাকিলাট (Nakilat) জানিয়েছে, হামলায় জাহাজটি ক্ষতিগ্রস্ত হলেও সেটি সচল রয়েছে। জাহাজে থাকা ২৫ জন কর্মীর প্রত্যেকেই নিরাপদে রয়েছেন। তাঁদের মধ্যে ছয়জন ভারতীয় নাগরিকও রয়েছেন। ঘটনার পর জাহাজটি গতিপথ পরিবর্তন করে ফিরে যায়।
তবে কারা এই হামলা চালিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। পাকিস্তানে নির্ধারিত LNG চালান পৌঁছবে কি না, তা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। বিকল্প চালান আনতে হলে বিশ্ববাজারে LNG-র চড়া দামের কারণে পাকিস্তানের আর্থিক চাপ আরও বাড়তে পারে। এই ঘটনায় দেশের জ্বালানি নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।







