পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ফের গুরুত্বের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে হরমুজ প্রণালী। বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম এই গুরুত্বপূর্ণ রুটে সাময়িক অচলাবস্থার মাঝেই ভারতের দিকে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছে দুটি এলপিজি ট্যাঙ্কারে ‘পাইন গ্যাস’ ও ‘জাগ বসন্ত’। তবে এখনও পর্যন্ত এই বিষয়ে সরকারি কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
বিদেশমন্ত্রক সূত্রে জানা গেছে, সংযুক্ত আরব আমিরশাহির শারজা উপকূলের কাছে অবস্থান করছে ২ টি জাহাজ। পরিস্থিতি অনুকূল থাকলে খুব শীঘ্রই তারা হরমুজ প্রণালী অতিক্রম করে ভারতের পথে যাত্রা শুরু করার সম্ভাবনা রয়েছে। উল্লেখযোগ্যভাবে, গত ২৪ ঘণ্টায় এই প্রণালী দিয়ে একটিও তেলবাহী জাহাজ চলাচল করেনি। যেটা উত্তপ্ত পরিস্থিতির ইঙ্গিত দিয়েছে।ইরানকে ঘিরে যুদ্ধ পরিস্থিতির ফলে তেহরানের পক্ষ থেকে আগেই সতর্কতা জারি করা হয়েছে। প্রণালী পেরোনোর চেষ্টা করলে বাণিজ্যিক জাহাজ হামলার মুখে পরতে পারে। যার ফলে শতাধিক জাহাজ বর্তমানে সমুদ্রে নোঙর করে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও এলপিজি এই পথেই পরিবাহিত হয়। তাই হরমুজে অচলাবস্থা দীর্ঘস্থায়ী হলে তার প্রভাব সরাসরি পরতে পারে আন্তর্জাতিক বাজারে। এমনকি ভারতের জ্বালানি সরবরাহের ক্ষেত্রেও প্রবল প্রভাব থাকবে। এই প্রেক্ষাপটে ভারতের বিদেশ মন্ত্রক পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। মুখপাত্র রণধীর জয়সওয়াল দাবি করেছেন, উপসাগরীয় অঞ্চলে থাকা ২২টি ভারতীয় জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করাটাই বর্তমানে মূল উদ্দেশ্য। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আন্তর্জাতিক স্তরে নিয়মিত যোগাযোগ রাখছেন বলে জানা গেছে।
তাই এখন নজর ‘পাইন গ্যাস’ ও ‘জাগ বসন্ত’-এর সম্ভাব্য যাত্রার দিকে। যা ভারতের জ্বালানি সরবরাহের ক্ষেত্রে বড় ইঙ্গিত বহন করতে পারে বলে অনুমান।







