শনিবার , লিওনেল মেসির সফর ঘিরে , বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল যুবভারতী ক্রীড়াঙ্গন । বোতল থেকে চেয়ার , সব কিছুই ছুঁড়ে মারা হয় , ব্যানার , গোলপোস্ট বেঁচে নেই আর একটি কিছুই। উন্মত্ত জনসাধারণ কার্যত রণক্ষেত্রের পরিস্থিতি সৃষ্টি করে যুবভারতীতে । আর এই ভাংচুরের অভিযোগে এবার গ্রেফতার দুই হামলাকারী । বিধাননগর দক্ষিণ থানার পুলিশ তাদের গ্রেফতার করেছে ।
যুবভারতী কান্ডে তাণ্ডব ও ভাঙচুরের ঘটনায় ধৃত এই দুই যুবকের নাম শুভ্রপ্রতিম দে ও গৌরব বসু। শনিবার মেসির সফরের পর বিশৃঙ্খলার জন্যই এই দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর। যুবভারতীতে তাণ্ডব এবং ভাঙচুরের মামলায় তদন্ত চলাকালীনই গ্রেফতার হন তারা। সোমবার এই দুই ধৃতকে বিধাননগর মহকুমা আদালতে হাজির করা হবে এবং পুলিশি হেফাজতের জন্য আবেদন জানানো হবে বলে খবর।
উল্লেখ্য, এর আগে মেসির সফরের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকেও গ্রেপ্তার করা হয়েছিল। জানা গিয়েছে ঘটনার তদন্তের স্বার্থে শতদ্রুর সংস্থার শীর্ষ কর্মকর্তাদেরও তলব করা হয়েছে। শুধু শতদ্রুর সংস্থা নয়, মেসির সফরের সময় যুবভারতীতে যেসব সংস্থা দায়িত্বে ছিল, তাদের প্রতিনিধিদেরও ডেকে পাঠানো হয়েছে। মঙ্গলবার থানায় উপস্থিত থাকতে বলা হয়েছে মোট ছয়জনকে। এই সংস্থাগুলির দায়িত্বের মধ্যে ছিল জল সরবরাহ, টিকিট বিতরণ ও অন্যান্য কাজের তদারকি। তদন্তে শনিবার এই ব্যক্তিদের কাজে গাফিলতি ছিল কিনা, তা খতিয়েও দেখা হবে।







