বাঁকুড়ার ইন্দাসে তৃণমূলের বিজয়া সম্মিলনীর মঞ্চে ফের এক বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূলের শ্রমিক নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, “চৈতন্যদেবের প্রকৃত উত্তরাধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়।” এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক তর্ক-বিতর্ক।
ঋতব্রত বলেন, “চৈতন্যদেব ছিলেন বাংলার প্রথম বিপ্লবী, যিনি সমাজ সংস্কারের পথ দেখিয়েছিলেন। আজ সেই ঐতিহ্য বহন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। চৈতন্যদেব যেমন মানুষের মন জয় করেছিলেন, তেমনই মমতা বন্দ্যোপাধ্যায়ও বাংলার কোটি মানুষের সঙ্গে একাত্ম হয়ে আন্দোলনে নেমেছেন।” তিনি আরও যোগ করেন, “চৈতন্যদেবের মতোই আজ মমতা বন্দ্যোপাধ্যায় যখন পথে নামেন, মানুষ তাঁর পাশে এসে দাঁড়ান। বাংলার যে বিপ্লবী ধারা শতাব্দী ধরে চলছে, তারই ধারাবাহিক উত্তরাধিকার তিনি।”
তবে ঋতব্রতের এই মন্তব্যকে ভালো চোখে দেখছে না বিরোধীরা। বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার মুখপাত্র দেবপ্রিয় বিশ্বাস তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “এভাবে চৈতন্যদেবের মতো ধর্মীয় ও সাংস্কৃতিক আইকনের সঙ্গে একজন রাজনৈতিক নেত্রীর তুলনা করা বাঙালির ভাবাবেগে আঘাতের সমান।” তিনি আরও বলেন, “রাজ্যে একের পর এক কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, শ্রমিক সমস্যায় জর্জরিত মানুষ। অথচ শ্রমিক নেতা ঋতব্রত সেই বিষয়ে চুপ থেকে শুধুমাত্র রাজনৈতিক প্রচারে ব্যস্ত।”
উল্লেখ্য, এর আগেও ঋতব্রত বলেছিলেন, “চৈতন্যদেবের উত্তরাধিকার বহন করেছেন লালন, লালনের পর রবীন্দ্রনাথ, আর আজ সেই উত্তরাধিকার সামলাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।” তাঁর এমন ধারাবাহিক মন্তব্যে রাজনৈতিক মহলে জল্পনা আরও বেড়েছে—তৃণমূল কি এবার মমতার ভাবমূর্তিকে ‘আধ্যাত্মিক নেতৃত্বে’র প্রতীকে রূপ দিতে চাইছে?







