মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে এক অভিনব কায়দায় মাদক পাচারের চেষ্টার পর্দাফাঁস করল শুল্ক দফতর। ধৃত ব্যক্তি প্রায় ১৫ কেজি উচ্চমানের গাঁজা (হাইড্রোফোনিক উইড) পাচার করার চেষ্টা করছিল, যার আন্তর্জাতিক বাজারে আনুমানিক মূল্য প্রায় ১৪ কোটি টাকা।
জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে মুম্বইতে এসে নামে। সন্দেহ হওয়ায় শুল্ক আধিকারিকরা তার ব্যাগ তল্লাশি করেন এবং সেখান থেকে উদ্ধার হয় ১৪.৭৩৮ কেজি মাদক। কিন্তু সবচেয়ে চমকপ্রদ বিষয় হল—এই বিপুল পরিমাণ মাদক একটি সিলবন্দি প্যাকেটে রাখা ছিল, যার গায়ে লেখা ছিল ‘Ministry of External Affairs – Diplomatic Pouch’।
সূত্রের খবর, ধৃত ব্যক্তি দাবি করে, এটি একটি ‘গোপন রাষ্ট্রীয় মিশনের’ অংশ এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে সে এই কার্গো পরিবহণ করছিল। প্যাকেটের উপর থাকা নকল সিল দেখতে ছিল প্রায় হুবহু বিদেশ মন্ত্রকের আসল সিলের মতো। শুধু তাই নয়, তার ব্যাগে মন্ত্রক সংক্রান্ত একাধিক ভুয়ো নথিও পাওয়া যায়, যা সে ব্যবহার করছিল নিজের পরিচয় বিশ্বাসযোগ্য করে তুলতে।
তবে শেষরক্ষা হয়নি। শুল্ক দফতরের প্রাথমিক জিজ্ঞাসাবাদেই ফাঁস হয়ে যায় এই ‘গোপন মিশনের’ পর্দার আড়ালের চক্রান্ত। অভিযুক্তের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা দায়ের করে তাকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে।







