দেশরাজনীতি

বিচারপতির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন! আবগারি মামলায় বেঞ্চ বদলের দাবি কেজরিওয়ালের

দিল্লির আবগারি দুর্নীতি মামলার শুনানিতে বিচারপতির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন আম আদমি পার্টির সুপ্রিমো তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মামলার স্বচ্ছ ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে এই মামলা অন্য বিচারপতির বেঞ্চে স্থানান্তরের দাবি জানিয়ে দিল্লি হাই কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি লিখেছেন তিনি।

সম্প্রতি দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত আবগারি নীতি সংক্রান্ত মামলায় কেজরিওয়াল ও প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া-সহ অভিযুক্তদের সম্পূর্ণ অব্যাহতি দেয়। আদালত জানায়, বিতর্কিত আবগারি নীতি প্রণয়নে কোনও অপরাধমূলক ষড়যন্ত্র বা দুর্নীতির প্রমাণ দিতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।

তবে ওই রায়কে চ্যালেঞ্জ করে দিল্লি হাই কোর্টে আবেদন করে সিবিআই। গত সোমবার সেই মামলার শুনানি চলাকালীন বিচারপতি স্বর্ণকান্ত শর্মা মন্তব্য করেন, নিম্ন আদালতের রায়ে কিছু ফাঁকফোকর রয়েছে কি না তা খতিয়ে দেখা প্রয়োজন।

এই মন্তব্যের পরই আপ সুপ্রিমো অভিযোগ করেন, বিচারপতির পর্যবেক্ষণ থেকে মামলার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে। তাই বিচারব্যবস্থার প্রতি আস্থা বজায় রাখতে মামলাটি অন্য কোনও বেঞ্চে স্থানান্তর করা হোক—এই আবেদন জানিয়েই দিল্লি হাই কোর্টের প্রধান বিচারপতির কাছে চিঠি পাঠিয়েছেন তিনি।

উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারি এই মামলায় সম্পূর্ণ মুক্তি পান কেজরিওয়াল ও সিসোদিয়া। রাউজ অ্যাভিনিউ আদালতের রায়ের পর আবেগঘন প্রতিক্রিয়ায় কেজরিওয়াল দাবি করেছিলেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ ছিল একটি রাজনৈতিক ষড়যন্ত্র। তাঁর কথায়,
“নরেন্দ্র মোদি ও অমিত শাহ স্বাধীন ভারতের সবচেয়ে বড় রাজনৈতিক ষড়যন্ত্র করেছেন। কিন্তু শেষ পর্যন্ত সত্যের জয় হয়েছে।”

তবে সিবিআইয়ের চ্যালেঞ্জের জেরে মামলার আইনি লড়াই এখন নতুন করে শুরু হয়েছে দিল্লি হাই কোর্টে। সেই পরিস্থিতিতেই বিচারপতির বেঞ্চ বদলের দাবি ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে রাজনৈতিক ও আইনি মহলে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.