বাংলা ও হিন্দি চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেতা রাজেশ শর্মা গুরুতর সংক্রমণের কারণে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। চিকিৎসকদের পর্যবেক্ষণে তাঁর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল হলেও এখনও পুরোপুরি আশঙ্কামুক্ত নন বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।
জানা গিয়েছে, সম্প্রতি হায়দরাবাদে একটি ছবির শুটিংয়ের সময় জঙ্গলের মধ্যে বিষাক্ত মাকড়সা বা অন্য কোনও বিষাক্ত পোকা রাজেশ শর্মাকে কামড়ায়। প্রথমে বিষয়টিকে তেমন গুরুত্ব না দিলেও পরে সেই ক্ষতস্থানে দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ে। অভিনেতার আগে থেকেই ডায়াবেটিস থাকায় সংক্রমণ আরও জটিল আকার নেয় এবং কলকাতায় ফেরার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে।
ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, অভিনেতার রক্তে শর্করার মাত্রা ওঠানামা করছে। পাশাপাশি অক্সিজেনের মাত্রাও কিছুটা কমে যাওয়ায় চিকিৎসকেরা একাধিক পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছেন। আপাতত তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা চলছে।
অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায় জানিয়েছেন, শুটিং চলাকালীন সতর্কবার্তা থাকলেও রাজেশ শর্মা বিষয়টিকে গুরুত্ব দেননি। পরে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ে এবং জ্বর, শ্বাসকষ্ট-সহ একাধিক শারীরিক সমস্যা দেখা দেয়। বর্তমানে তিনি হাসপাতালে নিয়মিত খোঁজ নিচ্ছেন। পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়ও অভিনেতার পাশে রয়েছেন।
এদিকে টলিউডের একাধিক তারকা অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করেছেন। জানা গিয়েছে, অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও তাঁর চিকিৎসার অগ্রগতি সম্পর্কে নিয়মিত খোঁজখবর রাখছেন। অনুরাগীদের প্রার্থনা, দ্রুত সুস্থ হয়ে আবারও ক্যামেরার সামনে ফিরুন প্রিয় অভিনেতা রাজেশ শর্মা।







