নিজস্ব সংবাদদাতা: রাজ্যের পঞ্চায়েত দফতরে দীর্ঘদিনের কর্মী সংকট কাটাতে বড় পদক্ষেপের ঘোষণা করল রাজ্য সরকার। পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন, আগামী ডিসেম্বরের মধ্যেই পিএসসি (পাবলিক সার্ভিস কমিশন)-এর মাধ্যমে প্রায় ১১ হাজার কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হবে। এর ফলে পঞ্চায়েত স্তরে দীর্ঘদিন ধরে কর্মীর অভাবে আটকে থাকা প্রশাসনিক কাজের গতি বাড়বে বলে সরকারের আশা।
সোমবার বিধানসভার বাদল অধিবেশনের প্রথম দিনে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন, বর্তমানে পর্যাপ্ত কর্মী না থাকায় বহু পঞ্চায়েতে দৈনন্দিন পরিষেবা ও প্রশাসনিক কাজ ব্যাহত হচ্ছে। সেই পরিস্থিতি সামাল দিতেই এবার জেলা ভিত্তিক নিয়োগের পরিবর্তে কেন্দ্রীয়ভাবে পিএসসির মাধ্যমে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এতদিন পঞ্চায়েত আইনের আওতায় জেলা স্তর থেকে নিয়োগ করা হলেও নতুন ব্যবস্থায় সেই দায়িত্ব পিএসসির হাতে তুলে দিতে চায় সরকার। তবে পিএসসি একটি স্বশাসিত সংস্থা হওয়ায় এই পরিবর্তন কার্যকর করতে প্রয়োজনীয় আইন সংশোধনের প্রক্রিয়াও সম্পন্ন করতে হবে বলে জানান মন্ত্রী।
দিলীপ ঘোষ আরও দাবি করেন, ক্ষমতায় আসার আগে রাজ্যে এক লক্ষ কর্মসংস্থানের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেই লক্ষ্যে ধাপে ধাপে নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। পঞ্চায়েত দফতরে ১১ হাজার নিয়োগ সেই প্রতিশ্রুতিরই একটি গুরুত্বপূর্ণ অংশ বলে তাঁর বক্তব্য।
প্রসঙ্গত, রাজ্যের বিভিন্ন পঞ্চায়েতে জনপ্রতিনিধিদের অনুপস্থিতি ও প্রশাসনিক জটিলতার কারণে বহু সরকারি প্রকল্পের কাজ বিলম্বিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এর আগেও পঞ্চায়েত প্রতিনিধিদের দ্রুত কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন মন্ত্রী। এবার কর্মী নিয়োগের ঘোষণা সেই প্রশাসনিক অচলাবস্থা কাটানোর লক্ষ্যেই গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।







