বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেও দিল্লির বায়ুদূষণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। দীপাবলির আগে থেকেই রাজধানীর দূষণ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। সময় যত গড়িয়েছে, ততই পরিস্থিতির অবনতি ঘটেছে। তার উপর উৎসবের দিন নির্বিচারে আতশবাজি পোড়ানোর ফলে দূষণের মাত্রা আরও ভয়াবহ আকার ধারণ করে। গত কয়েক বছর ধরেই দিল্লিতে এমন পরিস্থিতি তৈরি হচ্ছে। এবার দূষণের প্রভাব সাধারণ মানুষের স্বাস্থ্যের উপর কতটা গুরুতর হয়ে উঠছে, তারই উদ্বেগজনক ছবি সামনে এল একটি আরটিআই অনুসন্ধানে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২০ থেকে ২০২৬ সালের মধ্যে দিল্লির একাধিক প্রধান সরকারি হাসপাতালে ফুসফুসের ক্যানসারে আক্রান্ত রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষজ্ঞদের একাংশের মতে, এই বৃদ্ধির পিছনে রাজধানীর বায়ুদূষণ অন্যতম গুরুত্বপূর্ণ কারণ। তবে ধূমপান এবং রোগ শনাক্ত করতে দেরি হওয়ার মতো বিষয়গুলিও এই অসুখের ঝুঁকি বাড়াচ্ছে।
আরটিআই সূত্রে জানা গিয়েছে, এইমস, রাম মনোহর লোহিয়া হাসপাতাল, সফদরজং হাসপাতাল এবং দিল্লি স্টেট ক্যানসার ইনস্টিটিউটে ২০২০ থেকে ২০২৬ সালের মধ্যে সাড়ে ৬ হাজারের বেশি ফুসফুসের ক্যানসার আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। তাঁদের মধ্যে ৯০০-রও বেশি রোগীর মৃত্যু হয়েছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয়, মহিলাদের পাশাপাশি ধূমপান করেন না, এমন ব্যক্তিদের মধ্যেও এই রোগের প্রবণতা ক্রমশ বাড়ছে। নভেম্বর মাস ফুসফুসের ক্যানসার সচেতনতা মাস হিসেবে পালিত হয়। এই উপলক্ষে চিকিৎসকদের পরামর্শ, দীর্ঘদিন ধরে কাশি থাকলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে।
ফুসফুসের ক্যানসারের অন্যতম প্রধান কারণ ধূমপান। শুধু সরাসরি ধূমপান নয়, অন্যের ধূমপানের ধোঁয়ার সংস্পর্শেও এই রোগের ঝুঁকি বাড়তে পারে। ফলে ধূমপান না করলেও অনেকে আক্রান্ত হচ্ছেন। এছাড়া পরিবারের কারও এই রোগের ইতিহাস থাকলে ঝুঁকি বেড়ে যায়। বায়ুদূষণ, রেডন গ্যাস, অ্যাসবেস্টস এবং বিভিন্ন ক্ষতিকর রাসায়নিকের সংস্পর্শও ফুসফুসের ক্যানসারের অন্যতম কারণ হিসেবে বিবেচিত।
দিল্লির দূষণের কারণে ঠিক কতটা বেড়েছে ফুসফুসের ক্যানসারের প্রকোপ, সে বিষয়ে এখনও নির্দিষ্ট পরিসংখ্যান পাওয়া যায়নি। তবে বিশেষজ্ঞদের মতে, এই রোগের বিস্তারে বায়ুদূষণের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ।







