অনুষ্ঠান থেকে ফেরার পথেই দুর্ঘটনার কবলে পড়ল বিজেপি সাংসদের গাড়ি। গুরুতর জখম হলেন ছত্তীসগঢ়ের বিজেপি রাজ্যসভার সাংসদ লক্ষ্মী বর্মা। আহত হয়েছেন তাঁর গাড়ির চালকও। দুর্ঘটনার পর সাংসদকে রায়পুরের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (AIIMS)-এ নিয়ে যাওয়া হয়েছে।
ঘটনাটি ঘটে গতকাল সন্ধ্যায় ছত্তীসগঢ়ের বলোদাবাজার-রায়পুর রোডে। খরোরা থানা এলাকার কাছে অন্য একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় সাংসদের গাড়ির। জানা গিয়েছে, বলোদাবাজার-ভাটপাড়া জেলার একটি অনুষ্ঠান থেকে ফিরছিলেন লক্ষ্মী বর্মা। গাড়িতে তাঁর ছেলে এবং এক নিরাপত্তাকর্মীও ছিলেন।
পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনায় ৫৯ বছর বয়সি বিজেপি নেত্রী এবং তাঁর চালক আহত হয়েছেন। অন্য গাড়িতে থাকা তিন যাত্রীও সামান্য চোট পেয়েছেন। দুর্ঘটনার পর সকলকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে লক্ষ্মী বর্মাকে উন্নত চিকিৎসার জন্য রায়পুর AIIMS-এ স্থানান্তরিত করা হয়।
কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ। সংঘর্ষের প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। তবে সাংসদের শারীরিক অবস্থা নিয়ে বিস্তারিত তথ্য এখনও সামনে আসেনি।






