নিজস্ব সংবাদদাতা : যাদবপুরকাণ্ডে তোলপাড় গোটা রাজ্যে। ছাত্রমৃত্যুর ঘটনার প্রতিবাদে যাদবপুরে বিক্ষোভ দেখাতে গিয়ে আক্রান্ত হলেন তৃণমূল ছাত্র পরিষদের নেত্রী রাজন্যা হালদার। তাঁকে শ্লীলতাহানির করা হয়েছে বলে অভিযোগ ওঠে।
প্রথম বর্ষের এক পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু ঘিরে বর্তমানে উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর। বুধবার দুপুরে,সেই নিয়েই বিক্ষোভ কর্মসূচি নিয়েছিল তৃণমূলের ছাত্র পরিষদ। তা নিয়েই এআইএসওর সঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের বিবাদ শুরু হয়। শেষ পর্যন্ত হাতাহাতি হয়। বিশ্ববিদ্যালয়ের অরবিন্দ ভবনের সামনে সংঘর্ষের সময় ধস্তাধস্তির জেরে অসুস্থ হয়ে পড়েন টিএমসিপি নেত্রী রাজন্যা হালদার। অসুস্থতা বোধ করেন এআইএসওর বেশ কিছু কর্মী-সমর্থকও। তাঁদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তৃণমূল ছাত্র পরিষদের অভিযোগ, এদিন তাদের ঘোষিত কর্মসূচি ছিল। তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ডেপুটেশন দিতে চেয়েছিলেন। কিন্তু সেই সময়ে তাঁদের অরবিন্দ ভবনের ভিতরে ঢুকতে বাধা দেওয়া হয় এবং লাঠি নিয়ে তাঁদের উপর হামলা চালানো হয়। শুধু তাই নয়, সংগঠনের মহিলা সদস্যদের শ্লীলতাহানি করা হয়েছে বলেও অভিযোগ করেছেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা।
সংগঠনের অভিযোগ, সংঘর্ষের সময় শ্লীলতাহানি করা হয়েছে সংগঠনের নেত্রী রাজন্যা হালদারের। তাঁর আঘাত লেগেছে। জামাও ছিঁড়ে দেওয়া হয়েছে। যদিও এআইএসওর যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে। তাদের পালটা অভিযোগ, বুধবার বিশ্ববিদ্যালয়ে জিবি (জেনারেল বডি) মিটিং ছিল। তখনই বহিরাগত তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ে ঢুকে গোলমাল বাধানোর চেষ্টা করে। বিকেল পর্যন্ত এই গোলমালে উত্তপ্ত থাকে যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং সংলগ্ন চত্বর।
TMC নেত্রী রাজন্যা হালদার বলেন, ‘এরা মুখে গণতন্ত্রের কথা বলে। কিন্তু, স্মারকলিপি জমা দিতে যাওয়ার পর আমাদের ওপর হামলা চালানো হল। জামা ছিঁড়ে দিয়েছে। ওরা চায় না, ছাত্র মৃত্যুর জন্য দোষীরা যাতে শাস্তি পায়!’ শুধু তৃণমূল ছাত্র পরিষদই নয়। বিজেপি যুব মোর্চাও যাদবপুরের ঘটনায় চার দিনের ধরনা কর্মসূচি নিয়েছে। যা ১৯ আগস্ট শেষ হবে। এই ঘটনায় যাদবপুর থানায় অভিযোগ পত্র জমা দিয়েছে তৃণমূল ছাত্র পরিষদ।অভিযোগপত্রে অনুষ্টুপ চক্রবর্তী, আফরিন বেগম-সহ মোট ১০ জনের বিরুদ্ধে নালিশ জানানো হয়েছে।







