বিশ্ব

ব্রিকসের ফাঁকে ইরান-ইউএই বৈঠক, নেপথ্যে ভারতের কূটনৈতিক উদ্যোগ

ব্রিকস সম্মেলনের ফাঁকে মুখোমুখি হল দুই বিরোধী দেশ ইরান ও সংযুক্ত আরব আমিরশাহী। আর এই বৈঠকের নেপথ্যে রয়েছে ভারতের উদ্যোগ। নয়াদিল্লির সক্রিয় ভূমিকাতেই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং আবুধাবির প্রিন্স শেখ খালেদ বিন মহম্মদ বিন জায়েদ আল নাহয়ান বৈঠকে বসেন বলে বিদেশমন্ত্রক সূত্রে খবর।

ইরান-আমেরিকা সংঘাত শুরু হওয়ার পর থেকে সংযুক্ত আরব আমিরশাহীর বিভিন্ন এলাকায় একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তেহরান। অভিযোগ, কমপক্ষে ১৮০ বার হামলা হয়েছে। এর জেরে ইউএই-র তেলখনি, শোধনাগার এবং গ্যাস উৎপাদন কেন্দ্রগুলির প্রায় ৪০ শতাংশ হয় বন্ধ হয়ে রয়েছে, নয়তো অর্ধেক ক্ষমতায় উৎপাদন চালাচ্ছে। পালটা ইরানের বিরুদ্ধেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে আমিরশাহী।

শুধু ইউএই নয়, উপসাগরীয় অঞ্চলের একাধিক দেশই আমেরিকার ঘনিষ্ঠ সহযোগী। ইরানের হামলার নিশানায় তারাও এসেছে। এমন এক উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ব্রিকসের মঞ্চকে কাজে লাগিয়ে দুই দেশের শীর্ষ নেতৃত্বকে আলোচনার টেবিলে বসাতে উদ্যোগী হয় ভারত।

বৈঠকের পর আন্তর্জাতিক মহলে বিষয়টি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। কারণ, দুই দেশের দীর্ঘদিনের মতবিরোধের আবহে এমন উচ্চপর্যায়ের বৈঠক তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। ইরান ও ইউএই-র মধ্যে বিরোধ কমলে দুই দেশেরই কৌশলগত এবং বাণিজ্যিক স্বার্থ পূরণ হতে পারে। ভারতেরও তাতে লাভ রয়েছে বলে মনে করছে নয়াদিল্লি।

বিদেশমন্ত্রক সূত্রের বক্তব্য, ইরান ও সংযুক্ত আরব আমিরশাহী যত দ্রুত নিজেদের মধ্যে মতপার্থক্য কমাতে পারবে, ততই তা দুই দেশের পাশাপাশি ভারতের জন্যও ইতিবাচক হবে। কারণ, গত দু’মাস ধরে ইউএই-র সঙ্গে কৌশলগত তেল অংশীদারিত্ব নিয়ে আলোচনা চালাচ্ছে ভারত।

ওপেক থেকে বেরিয়ে যাওয়ার পর প্রথমবারের মতো ভারতের সঙ্গে এই ধরনের সরাসরি তেল বাণিজ্য নিয়ে আলোচনা করছে আমিরশাহী। প্রস্তাবিত চুক্তি কার্যকর হলে ভারত ইউএই থেকে নিজেদের প্রয়োজন অনুযায়ী সরাসরি তেল কিনতে পারবে। সেক্ষেত্রে ওপেক বা অন্য কোনও সংগঠনের হস্তক্ষেপ থাকবে না। দুই দেশ নিজেদের মধ্যে আলোচনার ভিত্তিতে তেলের দাম নির্ধারণ করতে পারবে।

তবে সেই তেল ভারতে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ইরানের সহযোগিতাও গুরুত্বপূর্ণ। ফলে ইরান এবং ইউএই—দুই দেশেরই পরস্পরকে প্রয়োজন রয়েছে। এই কৌশলগত বাস্তবতার কথাই দুই দেশের শীর্ষ নেতৃত্বকে বোঝানো হয় বলে সূত্রের খবর। আর তার পরেই ভারতের উদ্যোগে নয়াদিল্লিতে মুখোমুখি বৈঠকে বসতে সম্মত হন ইরান ও সংযুক্ত আরব আমিরশাহীর শীর্ষনেতারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.