অফবিট

এভারেস্টে ভয় ধরাচ্ছে মানুষের উপস্থিতি! প্রস্রাবের তাপেই এক মরসুমে গলতে পারে ১৫৪ টন বরফ

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের পাদদেশে মানুষের ভিড় এখন হিমবাহের উপরও প্রভাব ফেলছে। নতুন এক গবেষণায় উঠে এসেছে চমকে দেওয়ার মতো তথ্য—এভারেস্ট বেস ক্যাম্পে মানুষের মূত্র থেকেও তৈরি হচ্ছে এমন তাপ, যার ফলে এক পর্বতারোহণের মরসুমে আনুমানিক ১৫৪ টন বরফ ও তুষার গলে যেতে পারে। তবে গবেষকেরা স্পষ্ট করেছেন, হিমবাহ গলার মূল কারণ এখনও জলবায়ু পরিবর্তন।

গবেষণাটি প্রকাশিত হয়েছে Regional Environmental Change জার্নালে। ২০২৩ সালের বসন্তের প্রায় ৫০ দিনের তথ্য বিশ্লেষণ করে গবেষকেরা দেখেছেন, ওই সময়ে এভারেস্ট বেস ক্যাম্পে প্রায় ১,৬০০টি তাঁবু ছিল। রান্না, গরম রাখা ও বিদ্যুৎ উৎপাদনের জন্য সেখানে বিপুল পরিমাণ LPG, কেরোসিন ও পেট্রল ব্যবহার করা হয়।

গবেষকদের হিসাব অনুযায়ী, জ্বালানি ব্যবহারের তাপ এবং মানুষের মূত্রের তাপ মিলিয়ে মোট প্রায় ৮৪৯,১৭৪ মেগাজুল শক্তি উৎপন্ন হয়। সেই পরিমাণ তাপ তাত্ত্বিকভাবে প্রায় ২,৪৯২ টন বরফ ও তুষার গলানোর সমতুল্য। এই হিসাবের সম্ভাব্য পরিসর ১,৯৬৪ থেকে ৩,০২০ টন।

উচ্চতায় ডিহাইড্রেশন এড়াতে পর্বতারোহী ও গাইডরা প্রচুর জল পান করেন। ফলে বেস ক্যাম্পে প্রতিদিন প্রায় ৬,০০০ লিটার মূত্র তৈরি হয় বলে গবেষণায় অনুমান করা হয়েছে। কঠিন বর্জ্য নিচে নামানো হলেও বিপুল পরিমাণ মূত্র সরাসরি হিমবাহে ফেলা হয়।

গবেষকদের মতে, এভারেস্টে মানুষের ক্রমবর্ধমান উপস্থিতি হিমবাহের উপর অতিরিক্ত চাপ তৈরি করছে। তাই বর্জ্য ব্যবস্থাপনা ও জ্বালানি ব্যবহারে পরিবর্তন আনার প্রয়োজনীয়তার কথাও উঠে এসেছে গবেষণায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.