ওটিটি প্ল্যাটফর্মে আসন্ন রহস্য-ধর্মী ওয়েব সিরিজ ‘Mistry’ মুক্তির আগেই চাঞ্চল্যকর বিতর্কে জড়িয়ে পড়লেন অভিনেতা রাম কাপুর। এক মিডিয়া ইভেন্টে ‘অপেশাদার’ এবং ‘যৌন ইঙ্গিতপূর্ণ’ মন্তব্য করার অভিযোগ ওঠার পর, তাঁকে সিরিজের সমস্ত প্রচারমূলক কার্যক্রম থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জিওহটস্টার কর্তৃপক্ষ।ঘটনাটি ঘটে ১৯ জুন, মুম্বাইয়ের জুহুর একটি পাঁচতারা হোটেলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে। উপস্থিত ছিলেন অভিনেতার সহ-অভিনেত্রী মোনা সিংহ, জিওহটস্টারের উচ্চপদস্থ কর্তারা এবং সংবাদমাধ্যমের প্রতিনিধিরা। অভিযোগ, অনুষ্ঠানের একপর্যায়ে রাম কাপুর বারবার যৌনভাবে অশালীন মন্তব্য করেন, যা উপস্থিত অনেককেই অস্বস্তিতে ফেলে দেয়।
জিওহটস্টারের একজন অভ্যন্তরীণ কর্মকর্তা জানিয়েছেন, “সেই দিন অভিনেতার একাধিক সাক্ষাৎকারের সময়সূচি ছিল। কিন্তু তিনি ক্লান্তির অজুহাত দিয়ে একাধিকবার এমন অশোভন মন্তব্য করেন, যা অত্যন্ত আপত্তিকর ও অগ্রহণযোগ্য। এমনকী একজন সাংবাদিক পর্যন্ত মন্তব্য করেছিলেন, তিনি যেন ‘মানসিকভাবে নিপীড়নের শিকার হচ্ছেন।’”শুধু মিডিয়ার সামনেই নয়, রাম কাপুর নাকি প্ল্যাটফর্মের কর্মীদের প্রতিও আপত্তিকর ভাষা ব্যবহার করেন। এছাড়াও, তিনি প্রকাশ্যে যৌন ভঙ্গি এবং অবস্থানের উল্লেখ করেন, যা পুরো পরিবেশকে অস্বস্তিকর করে তোলে।”
পরিস্থিতি বিবেচনা করে, পরের দিন অর্থাৎ ২০ জুন সকালে জিওহটস্টারের HR এবং শীর্ষ নেতৃত্ব এক বৈঠকে বসে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য যাচাই ও অভিযোগ আনুষ্ঠানিকভাবে গৃহীত হওয়ার পর, সিদ্ধান্ত নেওয়া হয়—রাম কাপুরকে সিরিজের বাকি সমস্ত প্রচারমূলক কর্মকাণ্ড থেকে অব্যাহতি দেওয়া হবে। জিওহটস্টারের তরফে জানানো হয়েছে, “আমরা কর্মক্ষেত্রে নিরাপত্তা ও মর্যাদাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিই। যে কোনও ধরনের অশালীনতা বা পেশাগত অসদাচরণ আমরা বরদাস্ত করি না। সেই কারণেই এই সিদ্ধান্ত।” তবে এই বিতর্ক নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি অভিনেতা রাম কাপুর।







