ঘোলা কল্যাণী এক্সপ্রেসওয়ে পরিণত হল মৃত্যু মিছিলে। খরদহ থেকে ঘোলার দিকে ছুটে আসছিল এক বাইকে তিন তরুণ। আচমকাই মুখোমুখি সংঘর্ষ হয় একটি ট্রেলারের সঙ্গে। ভয়ানক শব্দ, ধুলোয় ঢেকে যায় চারপাশ, ছিটকে পড়ে যায় বাইকের তিন আরোহী।
ঘটনাস্থলেই প্রাণ যায় আরিয়ান মন্ডল (১৯) এবং রোহন মন্ডল (১৯)-এর। দু’জনেই পানিহাটির মুসলমান পাড়া এলাকার বাসিন্দা। আরেকজন গুরুতর জখম অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। রাস্তা ঘিরে ধরে ক্ষিপ্ত জনতা। ট্রেলারের চালক ঘটনার পরই চম্পট দেয় — এখনও পলাতক।
স্থানীয় কাউন্সিলর অরিন্দম দে জানিয়েছেন, “এই রাস্তায় নিয়মিত বেপরোয়া গাড়ি চলাচল হয়। দ্রুত ব্যবস্থা না নিলে আরও প্রাণ যাবে।”
প্রত্যক্ষদর্শী সুদীপ ভট্টাচার্য বলেন, “ভয়াবহ ছিল দৃশ্যটা। একটা মুহূর্তেই সব শেষ।”
ঘোলা থানার বিশাল পুলিশবাহিনী পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। মৃতদেহ দুটি উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তে। পলাতক ঘাতক ট্রেলার ও চালকের খোঁজে জোরদার তল্লাশি চালাচ্ছে পুলিশ।
এই দুর্ঘটনা ফের একবার তুলে দিল এক্সপ্রেসওয়েতে যান নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন।







