দেশ

হঠাৎ ট্রেনের নীচে ধোঁয়া, বেলমুড়িতে থামল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস! আতঙ্কে যাত্রীরা

উত্তরবঙ্গের পথে ছুটছিল ট্রেন। আচমকাই কামরার নীচ থেকে বের হতে শুরু করল ধোঁয়া। বিষয়টি নজরে আসতেই ট্রেন থামিয়ে দেন চালক। বৃহস্পতিবার সকালে এই ঘটনায় আতঙ্ক ছড়াল ১৩১৭৩ আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে। ঘটনাস্থল হাওড়া-বর্ধমান কর্ড লাইনের বেলমুড়ি স্টেশনের কাছে।

রেল সূত্রে জানা গিয়েছে, শিয়ালদহ থেকে উত্তরবঙ্গের উদ্দেশে যাচ্ছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সকাল আনুমানিক সাড়ে ৮টা নাগাদ বেলমুড়ির কাছে পৌঁছতেই ট্রেনের একটি কামরার নীচের দিক থেকে ধোঁয়া দেখতে পান যাত্রী ও রেলকর্মীরা। পাশাপাশি যান্ত্রিক সমস্যার বিষয়টিও ধরা পড়ে।

পরিস্থিতি বুঝে সঙ্গে সঙ্গে ট্রেন থামিয়ে দেন চালক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিকরা। যান্ত্রিক ত্রুটির বিষয়টি পরীক্ষা করে দেখা হয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, চাকার ব্রেকশুতে ঘর্ষণের ফলেই ধোঁয়া তৈরি হয়ে থাকতে পারে। যদিও ঘটনার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়।

ট্রেন থামতেই আতঙ্কিত হয়ে বেশ কয়েকজন যাত্রী কামরা থেকে নেমে পড়েন। তাঁদের মধ্যে অনেককে রেললাইন পার হয়ে অন্য প্ল্যাটফর্মে যেতে দেখা যায়। তবে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে।

প্রায় ২০ মিনিট দাঁড়িয়ে থাকার পর সকাল ৮টা ৫০ মিনিট নাগাদ ফের যাত্রা শুরু করে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। বড় কোনও দুর্ঘটনা ঘটেনি বলেই জানা গিয়েছে।

এই ঘটনায় রেলের তরফে এখনও আনুষ্ঠানিক কোনও বিবৃতি পাওয়া যায়নি। তবে গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে রেল সূত্রে খবর। যান্ত্রিক ত্রুটির উৎস কী এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে কী ব্যবস্থা নেওয়া হবে, তা নিয়েই এখন নজর রেল কর্তৃপক্ষের দিকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.