খেলাধুলা

ডুরান্ডের ক্ষত মোচন! কলকাতা লিগে ডায়মন্ড হারবারকে হারাল ইস্টবেঙ্গল

ডুরান্ড কাপে হারের যন্ত্রণা ভুলিয়ে রবিবার কলকাতা লিগে দুর্দান্ত প্রত্যাবর্তন করল ইস্টবেঙ্গল। কিশোর ভারতী স্টেডিয়ামে বৃষ্টিভেজা বিকেলে লাল-হলুদের ঝলক মাতাল সমর্থকদের। ডায়মন্ড হারবারকে ৩-১ গোলে হারিয়ে শুধু প্রতিশোধ নিল না, ট্রফি জয়ের দিকেও এক ধাপ এগিয়ে গেল তারা। এদিন জেসিনের জোড়া গোল ও ডেভিড লালানসাঙ্গার একক প্রচেষ্টা ম্যাচের ভাগ্য গড়ে দেয়।

শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে মাঠে নামে বিনো জর্জের দল। নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা দেবজিৎ মজুমদার এবং সায়ন বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি ইস্টবেঙ্গলকে আরও আত্মবিশ্বাসী করে তোলে। ম্যাচের ২৩ মিনিটে আমনের তৈরি করা আক্রমণ থেকে গোল করেন ডেভিড। গোল পাওয়ার পর লাল-হলুদরা মাঝমাঠ দখল করে খেলা নিয়ন্ত্রণ করতে থাকে। তবে ভেজা মাঠে বল নিয়ন্ত্রণে সমস্যা হচ্ছিল দুই দলের ফুটবলারদেরই।

দ্বিতীয়ার্ধে কিছুটা চাপ সৃষ্টি করে ডায়মন্ড হারবার। তাদের বিদেশি স্ট্রাইকার জবি জাস্টিনের শট ফিরিয়ে দেন দেবজিৎ। অবশেষে ৭২ মিনিটে পলের ফ্রিকিক থেকে পবনের হেডে সমতা ফেরায় ডায়মন্ড হারবার। কিন্তু খেলার রঙ বদলাতে দেরি হয়নি। মাত্র দু’ মিনিটের মধ্যেই সায়নের নিখুঁত পাস থেকে গোল করে আবার এগিয়ে দেন জেসিন।

শেষে সংযুক্তি সময়ে দ্বিতীয়বার জালে বল জড়ান জেসিন, নিশ্চিত করেন দলের জয়। হ্যাটট্রিকের সুযোগ হাতছাড়া করলেও তাঁর পারফরম্যান্স সমর্থকদের উচ্ছ্বাস ছড়িয়ে দেয় গ্যালারিতে। চ্যাম্পিয়নশিপ রাউন্ডে টানা দু’ম্যাচে জয় তুলে নিয়ে ছয় পয়েন্টে পৌঁছেছে ইস্টবেঙ্গল। এখন আর এক ম্যাচ জিতলেই বহু প্রতীক্ষিত কলকাতা লিগের শিরোপা তাদের হাতে উঠতে চলেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.