নৈহাটীর বড়মা বর্তমানে সারা রাজ্যে প্রসিদ্ধ। প্রতিদিনই অগণিত মানুষ আসেন মায়ের দর্শনের জন্য। রাজ্যের ৫ জেলার ৬ আসনে চলছে উপনির্বাচন। তাই ভোটের কথা মাথায় রেখেই মন্দির কমিটি দর্শনার্থীদের জন্য মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। তবে সাতসকালে পুজো দিতে মন্দিরে যান নৈহাটির তৃণমূল প্রার্থী সনৎ দে। তাকে দেখেই ক্ষোভে ফেটে পড়ে বড়ো মার ভক্তরা।
বুধবার রাজ্যের ৬ টি আসনে চলছে উপনির্বাচন। তার মধ্যেই রয়েছে নৈহাটি বিধানসভা আসন। তাই নির্বাচনের কথা মাথায় রেখেই বুধবার মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিলো মন্দির কর্তৃপক্ষ। মন্দিরের নির্দেশিকা না জেনে অনেক দর্শনার্থী মন্দিরে আসেন মায়ের দর্শনের উদ্দেশ্য। মন্দিরের বাইরেই দাঁড়িয়ে ছিলেন মায়ের ভক্তরা।
ঠিক সেই সময়েই নৈহাটির তৃণমূল প্রার্থী সনৎ দে-কে মন্দিরের ভিতরে ঢুকে পুজো দিতে দেখেন ভক্তরা। এই ঘটনায় মন্দিরের সামনেই কার্যত ক্ষোভে ফেটে পড়েন দর্শনার্থীরা। প্রার্থী মন্দির থেকে বের হতেই তার সামনেই বিক্ষোভ দেখানো শুরু করেন দর্শনার্থীরা। রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে ঘটনা ঘিরে। পুলিশের হস্তক্ষেপে মন্দির প্রাঙ্গণ থেকে বেরোন সনৎবাবু। মন্দির বন্ধ থাকলেও কেন প্রবেশের অনুমতি পেলেন প্রার্থী উঠছে প্রশ্ন ।







