রাজ্যের শাসক দল তৃণমূলের অভ্যন্তরে এখন বিভিন্ন সুর শোনা যাচ্ছে? তবে এই প্রশ্ন উঠেছে পূর্বেও। নবীন-প্রবীণ দ্বন্দ্বের বিষয়টিও সামনে এসেছে। তবে এবার সরাসরি তৃণমূলনেত্রী ও সাধারণ সম্পাদক প্রসঙ্গে কথা বলতে শোনা যাচ্ছে নেতাদের। তবে কি দল ভাগ হচ্ছে? ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের কথায় জল্পনা বেড়েছে এবং তারই প্রতিক্রিয়া জানিয়েছেন ফিরহাদ হাকিম৷
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপ-মুখ্যমন্ত্রী করা নিয়ে ফের সরব হন তৃণমূল বিধাকর হুমায়ুন কবীর। বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর চাপ কমাতে পুলিশমন্ত্রী করা হোক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।’ এই বিষয়ে নিজস্ব প্রতিক্রিয়া দেন কলকাতার মেয়র ও মন্ত্রী ফিরহাদ হাকিম। ফিরহাদের বক্তব্য, ‘যারা এত কথা বলছে, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে নির্বাচনে নামুক। তারপর জিতে দেখাক। বুঝে যাব। মমতা বন্দ্যোপাধ্যায় সবদিক থেকে বলিষ্ঠ নেত্রী। তিনি এখনও সব দফতর এবং দলকে নেতৃত্ব দিতে সক্ষম।’
অন্যদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে প্রশ্ন উঠতে ফিরহাদ বলেন, ‘অভিষেক আমাদের সন্তান। ওর কথা যখন হবে তখন দেখা যাবে। কিন্তু এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বলিষ্ঠ কেউ নন।’







