ফের ওটিটিতে ফিরছেন সোনালি বেন্দ্রে। সঙ্গে থাকছেন অভিনেতা আলি ফজল। ১৯৭৮ সালের দিল্লির রঙ্গা-বিল্লা অপহরণ ও খুনের গল্প নিয়ে তৈরি হতে চলেছে ওয়েব সিরিজ। গীতা এবং সঞ্জয় চোপড়াকে অপহরণ করে হত্যা করা হয়েছিল, যে মামলা পরবর্তীকালে রঙ্গা-বিলা মামলা নামেও পরিচিত হয়।
২৬ আগস্ট ১৯৭৮ সালে বাড়ি থেকে রেডিও স্টেশনে যাওয়ার পথে ১৬ বছরের গীতা এবং ১৪ বছরের সঞ্জয়কে অপহরণ করে কুলজিৎ সিংহ ( রঙ্গা) এবং যশবীর সিংহ (বিল্লা)। ২৮ আগস্ট দিল্লি সংলগ্ন একটি জঙ্গল থেকে দুই ভাই-বোনের দেহ পাওয়া যায়। ৮ সেপ্টেম্বর দুষ্কৃতীদের গ্রেফতার করা হয়। দিল্লি আদালত রঙ্গা এবং বিলাকে মৃত্যুদণ্ডের সাজা শোনায়। পরে সুপ্রিম কোর্টে মামলা গেলে সেখানেও বিচারের কোনও বদল হয় না। অবশেষে ১৯৮২ সালের ৩১ জানুয়ারি এই দুই দুষ্কৃতীর ফাঁসি হয়।
রঙ্গা-বিল্লার ঘটনা নিয়ে এই প্রথম কোনো ওয়েব সিরিজ তৈরি হতে দেখা যাচ্ছে। সোনালি এবং আলিকে তদন্তকারী কর্মকর্তাদের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। এই মুহূর্তে নয়া দিল্লিতে এই সিরিজের শ্যুটিং চলছে। তবে শুধু দিল্লি নয়, উত্তরপ্রদেশের একাধিক স্থানে চলবে উল্লেখ্য সিরিজের শ্যুটিং। সর্বশেষে মুম্বইয়ে শ্যুটিং সম্পন্ন হবে। আগামী জুন জুলাইয়ের মধ্যে পোষ্ট প্রোডাকশনের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। সব কিছু ঠিকঠাক এগোলে চলতি বছরের শেষেই মুক্তি পাবে এই সিরিজ।







