বিনোদন

সৃজিত মুখোপাধ্যায়ের নতুন থ্রিলার ছবিতে একসঙ্গে প্রসেনজিৎ-যিশু…. মুখ্য নারী চরিত্রে স্বস্তিকা

আবারও থ্রিলার ঘরানার ছবি নিয়ে আসছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। তাঁর নতুন ছবিতে একসঙ্গে স্ক্রিন ভাগ করতে চলেছেন টলিউডের দুই জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও যিশু সেনগুপ্ত। ‘দশম অবতার’ ছবির পর এটি হতে চলেছে তাঁদের পরবর্তী যৌথ কাজ।

২০২৩ সালের পুজোয় মুক্তিপ্রাপ্ত ‘দশম অবতার’ ছবিতে যিশু অভিনয় করেছিলেন এক রহস্যময় খুনির চরিত্রে, যে নিজেকে কৃষ্ণের দশম অবতার কল্কি মনে করে একের পর এক খুন করে। সেই ছবিতে আবার তদন্তকারী অফিসার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ‘প্রবীর রায়চৌধুরী’ চরিত্রটি দর্শকের মন কেড়েছিল। বক্স অফিসে সফল হওয়া সেই ছবির পর আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন তাঁরা, সৃজিতের পরবর্তী থ্রিলার প্রজেক্টে।

যদিও নতুন ছবিটির নাম এখনও প্রকাশ্যে আসেনি, তবে এই ছবিতে মুখ্য নারী চরিত্রে দেখা যেতে পারে স্বস্তিকা মুখোপাধ্যায়কে। যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনও হয়নি, তবে জানা গিয়েছে, ছবিতে তাঁর চরিত্রটি হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই খবর যদি সত্যি হয়, তবে দীর্ঘ ১১ বছর পর ‘জাতিস্মর’ ছবির পর ফের একসঙ্গে দেখা যাবে প্রসেনজিৎ-যিশু-স্বস্তিকার ত্রয়ীকে। ‘জাতিস্মর’-এর সাফল্যের পর দর্শকদের কাছে এই নতুন জুটি যে বাড়তি উত্তেজনার সৃষ্টি করবে, তা বলার অপেক্ষা রাখে না। প্রসঙ্গত, সৃজিত পরিচালিত ২০২৫ সালে মুক্তি পাওয়া ‘সত্যি বলে সত্যি কিছু নেই’ এবং ‘কিলবিল সোসাইটি’, দুটিই বাণিজ্যিকভাবে সফল। আগামীতে মুক্তি পাবে তাঁর ‘লহ গৌরাঙ্গের নাম রে’ এবং ‘উইঙ্কেল টুইঙ্কেল’। এই পরিস্থিতিতে নতুন এই থ্রিলার ছবির ঘোষণার অপেক্ষায় প্রহর গুনছেন দর্শকরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.