বিনোদন

বিশ্বনাথ বসু ও ইন্দ্রাশিস রায় একসঙ্গে ফিরছেন ছোটোপর্দায়, প্রযোজনায় প্রসেনজিতের চমক

বাংলার বিনোদন দুনিয়ায় নতুন চমক। ‘কিলবিল সোসাইটি’ ছবির পর বড়োপর্দা থেকে দূরে থাকা জনপ্রিয় অভিনেতা বিশ্বনাথ বসু ফিরছেন ছোটোপর্দায়। জানা গিয়েছে, প্রসেনজিত চট্টোপাধ্যায়ের প্রযোজনায় একটি নতুন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে। আগামী সপ্তাহের মধ্যেই এই ধারাবাহিকের শুটিং শুরু হবে বলে খবর। বিশেষ সূত্রে জানা গিয়েছে, জি-র একটি বাংলা সিনেমার চ্যানেল নতুনভাবে রূপান্তরিত হচ্ছে। সেখানে সিনেমার পাশাপাশি এবার থেকে ফিকশন ধারাবাহিকও সম্প্রচারিত হবে।

সেই নতুন ধারাবাহিকেই সাধারণ মানুষের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বিশ্বনাথকে। টলিউডে সকলেই জানেন, এমন চরিত্রে বিশ্বনাথ নিজের দক্ষতা দেখাতে সিদ্ধহস্ত। বিশ্বনাথের সঙ্গে এই ধারাবাহিকে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন জনপ্রিয় অভিনেতা ইন্দ্রাশিস রায়। কেরিয়ারের শুরুতে ‘গানের ওপারে’ এবং ‘অদ্বিতীয়া’ ধারাবাহিকে কাজ করে জনপ্রিয়তা পেয়েছিলেন ইন্দ্রাশিস। এরপর ‘জল থই থই ভালোবাসা’-তে অভিনয় করলেও ব্যক্তিগত কারণে ছোটোপর্দা থেকে কিছুটা বিরতি নিয়েছিলেন তিনি। এবার প্রসেনজিতের হাত ধরে আবার টিভির পর্দায় ফিরতে চলেছেন এই অভিনেতা, যা নিয়ে রীতিমতো উচ্ছ্বসিত তিনি।

এছাড়াও, ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে মিমি দত্তকে। ইন্দ্রাশিস এতদিন স্টার জলসার ধারাবাহিকে কাজ করলেও এবার নতুন চ্যানেলে কাজ শুরু করতে চলেছেন। সবমিলিয়ে নতুন ধারাবাহিককে ঘিরে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে তুমুল কৌতূহল। যদিও ধারাবাহিকের নাম বা সম্প্রচারের দিনক্ষণ চ্যানেলের তরফে আনুষ্ঠানিকভাবে এখনও ঘোষণা করা হয়নি। তবে বিশ্বনাথ-ইন্দ্রাশিস-মিমির মতো জনপ্রিয় মুখ একসঙ্গে আসায় বাংলা ধারাবাহিকের টিআরপি যুদ্ধে নতুন মাত্রা যোগ হবে বলেই মনে করছেন ইন্ডাস্ট্রির অনেকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.