প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২৭ থেকে ২৯ জুন পর্যন্ত সেশেলস সফরে থাকবেন। এই সফরে একাধিক গুরুত্বপূর্ণ কূটনৈতিক বৈঠকের পাশাপাশি একটি ব্যতিক্রমী কর্মসূচিও রয়েছে। বিশ্বের সবচেয়ে দীর্ঘজীবী প্রাণী বলে পরিচিত আলড্যাবরা প্রজাতির বিশালাকার কচ্ছপ জোনাথনের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। ধারণা করা হয়, জোনাথনের বয়স প্রায় ১৯৪ বছর।
সেশেলসের জাতীয় বোটানিক্যাল গার্ডেনেই বাস জোনাথনের। যদিও তার প্রকৃত বয়সের পক্ষে নির্ভরযোগ্য নথি নেই, তবুও নিশ্চিতভাবে বলা যায়, সে তার প্রজাতির গড় আয়ুর তুলনায় অনেক বেশি সময় ধরে বেঁচে রয়েছে। জোনাথনের সঙ্গে প্রধানমন্ত্রীর এই সাক্ষাৎ ঐতিহ্য সংরক্ষণ এবং জীববৈচিত্র্য রক্ষার বার্তা বহন করবে বলেই মনে করা হচ্ছে। এই দুই বিষয়ই বর্তমানে ভারত ও সেশেলসের পারস্পরিক সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র।
সফরকালে সেশেলসের প্রেসিডেন্ট প্যাট্রিক হারমিনির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন নরেন্দ্র মোদি। দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক আরও সুদৃঢ় করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে। পাশাপাশি সেশেলসের জাতীয় দিবসের সুবর্ণজয়ন্তী উদযাপনেও যোগ দেবেন তিনি। ওই অনুষ্ঠানে ভারতীয় সেনাবাহিনীর একটি বিশেষ কন্টিনজেন্ট এবং ভারতীয় নৌসেনার দুটি যুদ্ধজাহাজও অংশ নেবে।
তবে গোটা সফরের মধ্যে সবচেয়ে বেশি আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে জোনাথনের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ। সেশেলসে পৌঁছেই প্রথমে তার সঙ্গে দেখা করবেন মোদি। এরপর জাতীয় বোটানিক্যাল গার্ডেনে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেবেন তিনি।
উল্লেখ্য, ২০১৫ সালে শেষবার সেশেলস সফরে গিয়েছিলেন নরেন্দ্র মোদি। তখন তিনি সদ্য ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। প্রায় এক দশক পর তাঁর এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন কূটনৈতিক মহলের একাংশ। তাঁদের মতে, এই সফর ভারত-সেশেলস দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে এবং সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে।







