কোচবিহারের ‘গ্রামকে নগর এবং নগরকে মহানগর’ করার উন্নয়নমূলক লক্ষ্যমাত্রা ঘোষণার পাশাপাশি জেলার আইনশৃঙ্খলা ও সীমান্ত সুরক্ষা নিয়ে পুলিশ প্রশাসনকে কঠোর অবস্থানে যাওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার রাসমেলা ও গৌরীমেলার উদ্বোধনী মঞ্চে দাঁড়িয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন, রাজ্যে উন্নয়নের কর্মযজ্ঞের পাশাপাশি অতীতের সমস্ত অপরাধ ও বেআইনি কার্যকলাপের হিসাব নেওয়া হবে।
এদিন জেলা পুলিশ সুপার মণীশ জোশীকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী বাংলাদেশ থেকে আসা অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ফেরত পাঠানোর কড়া নির্দেশ দেন। তবে ধর্ম ও প্রাণ বাঁচাতে ওপার বাংলা থেকে আসা হিন্দুদের ‘শরণার্থী’ হিসেবে অভিহিত করে তাঁদের আশ্রয় দেওয়ার কথাও জানান তিনি। সীমান্ত এলাকায় চোরাচালান, জাল নোট, মাদক পাচার এবং অবৈধ মাদ্রাসা বন্ধ করতে বিএসএফের সঙ্গে পুলিশকে নিবিড় সমন্বয় রেখে কাজ করার বার্তা দেন মুখ্যমন্ত্রী, যার জন্য ইতিমধ্যেই বিএসএফ-কে প্রয়োজনীয় জমি হস্তান্তর করা হয়েছে।
প্রশাসনিক কঠোরতার পাশাপাশি সামাজিক সুরক্ষা ও পরিকাঠামোগত বিষয়েও বিশেষ জোর দেন শুভেন্দু অধিকারী। রাজ্যে গোহত্যা নিষিদ্ধ করতে নতুন বিল আনার কথা উল্লেখ করে তিনি ১৯৫০ সালের ‘ক্যাটল অ্যাক্ট’ কঠোরভাবে প্রয়োগের নির্দেশ দেন। একইসঙ্গে মহিলা সুরক্ষায় জিরো টলারেন্স নীতির ঘোষণা করে বিশেষ মহিলা পুলিশ বাহিনী ‘দুর্গাবাহিনী’-কে সম্মান জানান এবং তাদের টহলদারির সুবিধার্থে ৩০টি স্কুটার তুলে দেন। বক্তৃতার শেষে ২০২৫ সালের ৫ অগস্ট খাগড়াবাড়িতে তৎকালীন বিরোধী দলনেতা থাকাকালীন তাঁর কনভয়ে হামলা ও গাড়িতে পেট্রল ঢালার ঘটনার প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দেন যে, সমস্ত প্রমাণ তাঁর কাছে রয়েছে এবং আইন তার নিজস্ব পথেই চলবে।







