ল
ট্রেনের কামরায় তখন নিশ্চিন্ত ভ্রমণকারীদের ভিড়। কারও কানে হেডফোন, কেউ ফোনে ডুবে রিলস দেখছেন। অনেকেই আবার মনে মনে ভেবেছেন—টিকিট ছাড়াও গন্তব্যে পৌঁছে যাবেন অনায়াসে। কিন্তু হঠাৎই যেন সব হিসেব উলটে গেল! কারণ সেই মুহূর্তেই হাজির হলেন টিকিট পরীক্ষকরা।দক্ষিণ-পূর্ব রেলওয়ের খড়্গপুর বিভাগে গত শনি ও রবিবার চালানো হয়েছিল বিশেষ অভিযান। আচমকা ঢুকে পড়ে টিকিট পরীক্ষকদের দল একের পর এক যাত্রীকে জেরা করতে শুরু করেন। মুহূর্তের মধ্যেই ফাঁস হয়ে যায় চিত্র—টিকিট ছাড়া ভ্রমণ করছেন বহু যাত্রী।
রেল সূত্রে জানা গিয়েছে, মাত্র দু’দিনের এই অভিযানে ধরা পড়েছেন ৬২৯ জন যাত্রী! তাঁদের কাছ থেকে জরিমানা বাবদ আদায় হয়েছে মোট ২,৬৭,৬৫৫ টাকা। বিশেষভাবে নজরদারি চালানো হয়েছিল ১২৭০৩, ০৬০৮৫, ১২৮২৮, ১২৫০৪, ১২০৭৪, ২২৮৭৭ সহ একাধিক ব্যস্ত ট্রেনে।খড়্গপুর ডিভিশনের এক কর্তা জানিয়েছেন, ‘‘যাত্রী সুরক্ষা ও রেলের রাজস্ব রক্ষার স্বার্থে এ ধরনের অভিযান হঠাৎ করেই চলবে। বিনা টিকিটে ভ্রমণের চেষ্টা করলেই ধরা পড়তে হবে।’’
অর্থাৎ, যাত্রীদের জন্য স্পষ্ট বার্তা—টিকিট ছাড়া যাত্রা মানেই ঝুঁকি, আর জরিমানা অবশ্যম্ভাবী।







