প্রকাশ্যে তৃণমূল নেত্রীর হাতে আক্রান্ত হয়েছিলেন প্রবীণ বাম নেতা। ঘটনার চার দিন পেরিয়ে গেলেও , এখনো মূল অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তাই এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন প্রবীণ বাম নেতা অনিল দাস। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুললেন তিনি। তিনি আদালতের কাছে আবেদন জানিয়েছেন , আদালত যেন তৃণমূল নেত্রী বেবি কোলেকে গ্রেফতারের , যথাযথ তদন্তের নির্দেশ দেয়।
অনিল দাসের বক্তব্য , “আমি অবাক হয়ে যাচ্ছি, পুলিশ তাদের নিয়ে এসে, আবার মারুতি করে ছেড়ে দিয়ে যাচ্ছে। আমি ছোটবেলা থেকে রাজনীতি করেছি। ছাত্র আন্দোলন করেছি। সোশ্যাল সেক্রেটারি ছিলাম। আমি বিভিন্ন রাজনৈতিক দলের উত্থানপতন দেখেছি। কিন্তু প্রশাসনের ভূমিকা এখন খারাপ, আমি জীবনে প্রথম দেখলাম।”
সম্প্রতি সমাজ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে , যেখানে দেখা যাচ্ছে প্রবীণ বাম নেতা অনিল দাসকে প্রকাশ্য রাস্তায় মারধর করছেন তৃণমূলের নেত্রী বেবি কোলে এবং তার কয়েকজন মহিলা সহযোগী। যা ঘিরে , ক্রমাগতই রাজনীতির পারদ চড়ছে। শাসক দলের বিরুদ্ধে যেমন তোপ দাগছেন বিরোধীরা , তেমনি গোটা ঘটনার নিন্দা করেছে শাসক শিবিরও। তৃণমূলের তরফে বেবি কোলেকে যেমন শোকজ করা হয়েছে , তেমনি দলের পক্ষ থেকেই তার বিরুদ্ধে খড়্গপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তারপরেও এখনো গ্রেফতার করা যায়নি তৃণমূল নেত্রীকে।







