অশান্তির জেরে কার্যত থমথমে গোটা বেলডাঙ্গা । রবিতেও চলে পুলিশের রুটমার্চ। দু’দিন ধরে যখন অশান্ত ছিল , জ্বলছিল বেলডাঙা, তখন কোথায় ছিলেন সাংসদ ? কেন ইউসুফ পাঠান একবারও আসেননি এলাকায়? বারবার বিরোধীদের বক্তব্যে উঠে আসছে একই প্রশ্ন। তবে অবশ্য ইউসুফ পাঠানের কথায় , তিনি এলাকাতেই ছিলেন। এবং অনেক চাপানউতোরের মধ্যে অবশেষে রবিবার তাঁকে দেখাও গেল। এদিন তিনি নিহত পরিযায়ী শ্রমিক , যার জন্যই প্রতিবাদ , সেই আলাউদ্দিন শেখের বাড়িতেও যান । নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথাও বলেন সাংসদ এবং তাদের পাশে থাকার বার্তা দেন।
উল্লেখ্য অভিষেক বন্দ্যোপাধ্যায় একদিন আগেই বহরমপুরে রোড শো করার সময় বলেছিলেন, “এখানে ইউসুফ আছে। ও আমাকে ফোন করে বলেছে আমি বেলডাঙা যেতে চাই। আমি বলেছি আজকে আমার র্যালি আছে। আজকে আমাদের মিটিংয়ের পর আমাদের বিধায়ক সাংসদ সবাই মিলে আলাউদ্দিন শেখের পরিবারের পাশে গিয়ে দাঁড়াবে।” এরপরেই নিহতের পরিবারের সাথে সাক্ষাৎ করেন ইউসুফ , তাদের পাশে থাকার আশ্বাস দেন । পাশাপাশি নিহতের স্ত্রী এর জন্য চাকরি ও আর্থিক সাহায্যের কথাও ঘোষণা করেন ।
এদিন ইউসুফের সঙ্গে বেলডাঙার বিধায়কও গিয়েছিলেন মৃতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে। তারপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সাংসদ ইউসুফ বলেন, “এই ধরনের ঘটনা খুবই দুর্ভাগ্যজনক। পরিযায়ী শ্রমিক যাঁরা এখান থেকে অন্য রাজ্য কী কাজ করছেন তাঁরা শুধু নিজের জন্য কাজ করছেন না, সেই রাজ্যের সামগ্রিক উন্নতির কাজও হয় তাঁদের দ্বারা। তাই এই ধরনের ঘটনা না ঘটাই ভাল।” তবে বিরোধীরা যে বারবার দাবী করেছেন যে তিনি দেরি করে এসেছেন , তা মানতে নারাজ ইউসুফ। তৃণমূল সাংসদের সাফ কথা, “আমি এখানেই ছিলাম। আমাদের সঙ্গে জনপ্রতিনিধি, বিধায়করা মাঠে নেমে সর্বদাই কাজ করছেন।”







