জেলা

রানাঘাটে নিকাশী নালার বেহাল দশা ঘিরে ক্ষোভ, চেয়ারম্যানের বাড়ির সামনে বিক্ষোভ; ডিম ছোড়ার অভিযোগ

রানাঘাট পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডে নিকাশী ব্যবস্থার বেহাল দশাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। বর্ষার শুরুতেই টানা বৃষ্টির জেরে ওয়ার্ডের একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি বড় নিকাশী নালার কাজ অসম্পূর্ণ অবস্থায় পড়ে থাকায় বৃষ্টির জল ও নোংরা নিকাশি জল বাড়িঘরে ঢুকে পড়ছে। ফলে দুর্ভোগে পড়েছেন এলাকার বহু পরিবার।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল ও আজকের বৃষ্টির পর পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে। বেশ কয়েকটি বাড়ি প্লাবিত হওয়ার পাশাপাশি বিভিন্ন এলাকায় যাতায়াতও কার্যত বন্ধ হয়ে যায়। বাসিন্দাদের অভিযোগ, বারবার পুরসভাকে বিষয়টি জানানো হলেও সমস্যার স্থায়ী সমাধান মেলেনি। এরই প্রতিবাদে বৃহস্পতিবার রানাঘাট পৌরসভার চেয়ারম্যান কোশল দেব বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বিক্ষোভে সামিল হন এলাকার বাসিন্দারা।

বিক্ষোভ চলাকালীন চেয়ারম্যানের বাড়ির দিকে ডিম ছোড়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে। যদিও কোশল দেব বন্দ্যোপাধ্যায় এই ঘটনাকে কোনও রাজনৈতিক দলের পরিকল্পিত আক্রমণ বলে মনে করছেন না। সামাজিক মাধ্যমে তিনি জানান, রানাঘাটবাসীর ক্ষোভ তিনি বুঝতে পারছেন এবং বিষয়টি রাজনৈতিক রং দেওয়া উচিত নয়।

চেয়ারম্যানের দাবি, বিক্ষোভের সময় উপস্থিত কয়েকজন মহিলা না থাকলে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারত। তাঁর আশঙ্কা, তিনি শারীরিকভাবে আক্রান্তও হতে পারতেন। তবে এই ঘটনায় কোনও সংগঠিত রাজনৈতিক দলের ভূমিকা নেই বলেই তিনি মনে করেন।

নিকাশী নালার কাজ প্রসঙ্গে কোশল দেব বন্দ্যোপাধ্যায় জানান, পুরসভার পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে। কিন্তু টানা ভারী বৃষ্টির কারণে কাজ এগিয়ে নিয়ে যেতে কিছুটা অসুবিধা হচ্ছে বলেই এই বিলম্ব হয়েছে। তবুও সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.