কলকাতা

মুষলধারে বৃষ্টিতে জলমগ্ন কলকাতা, সমস্যায় পড়লে , সরাসরি জানানো যাবে মন্ত্রী অগ্নিমিত্রাকে !

আষাঢ়ের প্রথম দিনে বৃষ্টির দেখা না মিললেও সপ্তাহের শেষভাগে নিজের চেনা ছন্দে ফিরেছে মৌসুমী বায়ু। শুক্রবার সকাল থেকেই কালো মেঘে ঢেকে যায় কলকাতার আকাশ। শহরের বিভিন্ন প্রান্তে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়। টানা বর্ষণের জেরে মহানগরের বেশ কয়েকটি নিচু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। এর প্রভাব পড়েছে জনজীবন ও যান চলাচলে। এর মধ্যেই কলকাতা বিমানবন্দরে একটি অপ্রীতিকর ঘটনা ঘটে। বিমান থেকে মালপত্র নামানোর কাজ চলাকালীন আচমকা বজ্রাঘাতে আহত হন দুই গ্রাউন্ড স্টাফ।

বিমানবন্দরে বজ্রপাত, শহরজুড়ে যানজট

বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, আহত দুই কর্মীকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তাঁদের মধ্যে একজনের আঘাত তুলনামূলক কম হলেও অপরজনের চোট গুরুতর বলে জানা গিয়েছে। বর্তমানে দু’জনই চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। প্রয়োজন হলে তাঁদের হাসপাতালে স্থানান্তর করা হতে পারে।

অন্যদিকে, প্রবল বৃষ্টির জেরে সেন্ট্রাল অ্যাভিনিউ, মহাত্মা গান্ধী রোড এবং আমহার্স্ট স্ট্রিট-সহ একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় জল জমেছে। একই ছবি দেখা গিয়েছে সল্টলেক সেক্টর ফাইভ, দমদম ও বাগুইআটির বিস্তীর্ণ অংশে। জল জমার কারণে ইএম বাইপাস ও মা ফ্লাইওভারের মতো ব্যস্ত সড়কগুলিতে যানবাহনের গতি উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে এবং একাধিক জায়গায় দীর্ঘ যানজট তৈরি হয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় সক্রিয় প্রশাসন, চিড়িয়াখানায় পরিদর্শনে মন্ত্রী

জল জমার সমস্যা মোকাবিলায় কলকাতা পুরসভা ইতিমধ্যেই নিকাশি ব্যবস্থাকে সচল রাখতে বিভিন্ন এলাকায় পাম্প চালু করেছে। পাশাপাশি খোলা হয়েছে বিশেষ কন্ট্রোল রুম। শুক্রবার শহরের বিভিন্ন জলমগ্ন এলাকা ঘুরে দেখেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। আলিপুর চিড়িয়াখানার একটি অংশে ড্রেনের পাইপ ক্ষতিগ্রস্ত হওয়ায় দ্রুত জল জমছিল। ঘটনাস্থলে উপস্থিত আধিকারিকদের সঙ্গে আলোচনা করে দ্রুত জল সরানোর নির্দেশ দেন তিনি।

জমা জল নিয়ে রাজ্য সরকারের সক্রিয়তার বার্তা দিয়ে মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, “কলকাতায় যেখানে যেখানে জল জমেছে বা সাধারণ মানুষ সমস্যায় পড়েছেন, তাঁরা অবিলম্বে কলকাতা পুরসভার হেল্পলাইন নম্বরে যোগাযোগ করুন, পুর ও নগরোন্নয়ন দফতরের ওয়েবসাইটে জানান। আপনাদের কাছে যদি আমার নম্বর থাকে তাহলে সরাসরি আমাকেও জানাতে পারেন। শুভেন্দু অধিকারীর সরকার সব বিষয়ে অত্যন্ত তৎপর রয়েছে। যেখানেই সমস্যা হবে, খবর পাওয়া মাত্র আমরা নিজেরা সেখানে পৌঁছে যাব।”

দক্ষিণবঙ্গে স্বস্তির বৃষ্টি, উত্তরে ভারী বর্ষণের আশঙ্কা

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণ জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করছে। এর ফলে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আগামী কয়েক দিন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.