রাজনীতি

RSS-এ ‘ভাল মানুষের অভাব’, কৈলাস বিজয়বর্গীয়র মন্তব্যে অস্বস্তিতে বিজেপি, সরব বিরোধী শিবির

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (RSS)-কে নিয়ে বিজেপির প্রবীণ নেতা তথা মধ্যপ্রদেশের মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয়র মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক। ভোপালে এক প্রকাশ্য অনুষ্ঠানে তিনি দাবি করেন, RSS-এ এখন মানুষের ভিড় আগের তুলনায় অনেক বেড়েছে, কিন্তু সেই অনুপাতে ‘ভাল মানুষের’ সংখ্যা কমে গিয়েছে। তাঁর এই মন্তব্যে বিজেপির অন্দরেই অস্বস্তি তৈরি হয়েছে বলে রাজনৈতিক মহলের একাংশের মত।

কৈলাসের বক্তব্য, বিজেপি ক্ষমতায় আসার পর বহু সরকারি আধিকারিক ও প্রভাবশালী ব্যক্তি নিজেদের RSS-ঘনিষ্ঠ বলে পরিচয় দিচ্ছেন। কেউ বলছেন, তিনি একসময় সঙ্ঘের পোশাক পরতেন, আবার কেউ দাবি করছেন, তাঁদের পরিবারের সদস্যরা সঙ্ঘের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর অভিযোগ, এই প্রবণতার ফলে সুযোগসন্ধানী ও সুবিধাবাদী মানুষ সংগঠনে ঢুকে পড়ছেন। তাই সংগঠনের পরিধি বাড়লেও আদর্শবান কর্মীর সংখ্যা কমছে বলে মন্তব্য করেন তিনি।

RSS যখন শতবর্ষ উদযাপনে ব্যস্ত, ঠিক সেই সময় এই মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। সম্প্রতি কর্নাটকের কংগ্রেস নেতা ও মন্ত্রী প্রিয়ঙ্ক খড়গে RSS-এর আইনি স্বীকৃতি, নথিভুক্তিকরণ ও আর্থিক দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলে চিঠি পাঠিয়েছিলেন সঙ্ঘপ্রধান মোহন ভাগবতকে। সেই আবহেই কৈলাসের বক্তব্য নতুন করে বিতর্ক উসকে দিয়েছে।

কংগ্রেস নেতা কেকে মিশ্র বলেন, ক্ষমতার পরিবর্তনের সঙ্গে অনেক সরকারি আধিকারিকের অবস্থানও বদলে যায়, তাই কৈলাসের মন্তব্যে বাস্তবের প্রতিফলন রয়েছে। যদিও বিজেপির পক্ষ থেকে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

উল্লেখ্য, বিতর্কিত মন্তব্যের জন্য অতীতেও একাধিকবার শিরোনামে এসেছেন কৈলাস বিজয়বর্গীয়। মুসলিম সমাজ, মহিলাদের পোশাক, ‘লভ জিহাদ’ এবং তাজমহল-সহ বিভিন্ন ইস্যুতে তাঁর মন্তব্য অতীতে তীব্র রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.