কন্টেনারে ডিজেল সরবরাহের ক্ষেত্রে জারি থাকা বিধিনিষেধ শিথিল করার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার সামাজিক মাধ্যমে তিনি জানান, কৃষক, হাসপাতাল, খাদ্য সরবরাহ ব্যবস্থা, জনপরিষেবা এবং চা-বাগানের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্র যাতে জ্বালানির অভাবে সমস্যায় না পড়ে, সেই লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে এককালীন ডিজেল সরবরাহের সর্বোচ্চ ঊর্ধ্বসীমাও শিথিল করা হয়েছে।
মুখ্যমন্ত্রী জানান, সাম্প্রতিক বিধিনিষেধের ফলে বহু কৃষক, হাসপাতাল এবং জরুরি পরিষেবা প্রদানকারী সংস্থা কার্যক্ষেত্রে সমস্যার মুখে পড়ছিল। তাই জনস্বার্থে অবিলম্বে হস্তক্ষেপ করে রাজ্য সরকার দেশের প্রধান তেল সংস্থাগুলিকে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছে। এখন থেকে স্বাস্থ্যসেবা, কৃষি, খাদ্য সরবরাহ, জনপরিষেবা এবং চা-বাগানের সঙ্গে যুক্ত ব্যক্তি বা সংস্থাগুলি কন্টেনার বা পাত্রে ডিজেল সংগ্রহ করতে পারবেন। এর জন্য পেট্রোল পাম্পে শুধুমাত্র প্রাথমিক পরিচয়পত্র দেখালেই হবে।
উল্লেখ্য, সম্প্রতি কন্টেনারে জ্বালানি বিক্রির উপর কড়া বিধিনিষেধ জারি করা হয়েছিল। প্লাস্টিকের বোতল বা সাধারণ কন্টেনারে তেল না দেওয়ার নির্দেশের পাশাপাশি, গ্রাহক প্রতি দিনে সর্বোচ্চ ২০০ লিটারের বেশি ডিজেল বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। শুধুমাত্র গাড়ির ট্যাঙ্ক বা PESO অনুমোদিত কন্টেনারে জ্বালানি দেওয়ার অনুমতি ছিল।
পশ্চিম এশিয়ার অস্থির পরিস্থিতির জেরে তেল আমদানিতে অনিশ্চয়তা তৈরি হওয়ায় মজুতদারি রুখতে এবং বাজারে জ্বালানির সরবরাহ স্বাভাবিক রাখতে ৯০ দিনের জন্য এই বিধিনিষেধ কার্যকর করা হয়েছিল। তবে জনজীবন ও জরুরি পরিষেবার উপর তার প্রভাব পড়ায় এবার সেই নিয়মে গুরুত্বপূর্ণ ছাড় দিল রাজ্য সরকার। নতুন সিদ্ধান্তে কৃষি, স্বাস্থ্য ও অন্যান্য অত্যাবশ্যক পরিষেবার সঙ্গে যুক্ত মহলে স্বস্তি ফিরবে বলেই মনে করা হচ্ছে।







