বিশ্ব

যুদ্ধবিরতি ভেঙে ফের সংঘাত! ইরানে মার্কিন হামলা, পাল্টা কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে আঘাত তেহরানের

পশ্চিম এশিয়ায় যুদ্ধবিরতির আবহ কার্যত ভেঙে ফের উত্তেজনা চরমে। শনিবারের পর রবিবার ভোরেও ইরানের একাধিক সামরিক স্থাপনায় হামলা চালায় মার্কিন বাহিনী। এর জবাবে কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। ফলে গোটা অঞ্চলে নতুন করে বৃহত্তর সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।

মার্কিন সেন্ট্রাল কম্যান্ডের দাবি, হরমুজ প্রণালীর কাছে ইরানের সামরিক ঘাঁটি ও নজরদারি পরিকাঠামোয় নির্দিষ্ট হামলা চালানো হয়েছে। তাদের অভিযোগ, যুদ্ধবিরতির সুযোগ পেয়েও ইরান রবিবার ভোরে পানামার পতাকাবাহী তেলবাহী জাহাজ M/T Kiku-তে হামলা চালায়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই পাল্টা সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন।

অন্যদিকে, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস (IRGC) জানিয়েছে, মার্কিন আগ্রাসনের জবাব হিসেবেই বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইরানের সরকারি সংবাদমাধ্যমের দাবি, যুদ্ধবিরতি লঙ্ঘনের ফলে কূটনৈতিক আলোচনার পথ কার্যত বন্ধ হয়ে গিয়েছে।

এদিকে মার্কিন ও বাহরাইনের সেনাবাহিনীর দাবি, ইরানের ছোড়া অন্তত ন’টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে বড়সড় আঘাত হানা হয়েছে এবং যুদ্ধবিরতি ভাঙলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। পাল্টা ইরানও হুঁশিয়ারি দিয়েছে, উপসাগরীয় অঞ্চলে যেখানে যেখানে মার্কিন ঘাঁটি রয়েছে, সবই হামলার আওতায় আসবে।

এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর না মিললেও, সাম্প্রতিক এই পাল্টাপাল্টি হামলার জেরে পশ্চিম এশিয়ায় পূর্ণমাত্রার যুদ্ধের আশঙ্কা আরও জোরালো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.