ইসকন মিড ডে মিলের দায়িত্ব নিলেও স্কুলপড়ুয়াদের ডিম খাওয়া বন্ধ হবে না। মিড ডে মিলে নিরামিষ খাবার নিয়ে চলা বিতর্কের মধ্যেই এই বিষয়ে স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, ইসকনের দেওয়া খাবারের পাশাপাশি ছাত্রছাত্রীদের জন্য আলাদা করে ডিম সরবরাহ করা হবে।
বুধবার নবান্ন থেকে সরকারি স্কুলগুলির জন্য একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, এতদিন প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের জন্য মাথাপিছু বরাদ্দ ছিল ৬ টাকা ৭৮ পয়সা, আর উচ্চ প্রাথমিক ও হাইস্কুলে ছিল ১০ টাকা। এবার সেই বৈষম্য দূর করে প্রাথমিক স্তরেও মাথাপিছু ১০ টাকা বরাদ্দ করা হচ্ছে। আগামী ১ অগস্ট থেকেই নতুন এই বরাদ্দ কার্যকর হবে।
মুখ্যমন্ত্রী আরও জানান, ১ অগস্ট থেকে রাজ্যের সমস্ত সরকারি স্কুলে ইসকন মিড ডে মিল পরিবেশনের দায়িত্ব নেবে। তাঁর কথায়, ইসকন সাত্ত্বিক, স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবার সরবরাহ করবে। পাশাপাশি পড়ুয়াদের প্রয়োজনীয় প্রোটিনের কথা মাথায় রেখে আলাদা করে ডিম দেওয়া হবে। সপ্তাহে এক বা দু’দিন সেদ্ধ ডিম দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
রাজ্যে সরকার গঠনের পর থেকেই মিড ডে মিল পরিচালনার দায়িত্ব ইসকনের হাতে তুলে দেওয়া হয়। প্রথমে কলকাতার কয়েকটি স্কুলে পরীক্ষামূলকভাবে এই ব্যবস্থা চালু হয়েছিল। এবার সেই প্রকল্প রাজ্যের অন্যান্য জেলাতেও সম্প্রসারিত হচ্ছে। তবে ইসকনের নিরামিষ খাবার পরিবেশনকে কেন্দ্র করে পুষ্টি নিয়ে প্রশ্ন উঠেছিল। সেই বিতর্কের মধ্যেই ডিম দেওয়ার ঘোষণা করে সরকার জানিয়ে দিল, পড়ুয়াদের পুষ্টির বিষয়ে কোনও আপস করা হবে না।
আগামী ১ অগস্ট দুপুর ১২টায় এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একইসঙ্গে মিড ডে মিল রান্নার সঙ্গে যুক্ত কর্মীদের মাসিক ভাতা ২,০০০ টাকা থেকে বাড়িয়ে ৩,০০০ টাকা করার ঘোষণাও করেছেন তিনি।







