West Bengal Assembly Election-এর প্রাক্কালে নজিরবিহীন নিরাপত্তা বলয় গড়ে তুলতে একাধিক কড়া পদক্ষেপ নিল Election Commission of India। বুথের ১০০ মিটারের মধ্যে সম্পূর্ণ নিরাপত্তার দায়িত্ব এবার কেন্দ্রীয় বাহিনীর হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত কার্যত স্পষ্ট করে দিল কমিশন। এই পরিসরের মধ্যে রাজ্য পুলিশের ভূমিকা সীমাবদ্ধ থাকবে শুধুমাত্র ভোটারদের লাইন নিয়ন্ত্রণে।
নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে, ভোটের দিন ঘোষণার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর আগমন—যা অতীতে খুব কমই দেখা গিয়েছে। ইতিমধ্যেই কলকাতা ও বিভিন্ন জেলায় নিয়মিত রুট মার্চ ও টহল দিচ্ছেন জওয়ানরা। এমনকী কাশ্মীর থেকে আনা হয়েছে বুলেটপ্রুফ সাঁজোয়া গাড়ি, যা ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। কমিশনের বার্তা পরিষ্কার—যে কোনও মূল্যে হিংসামুক্ত ভোট নিশ্চিত করতে হবে।
সম্প্রতি কলকাতায় অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে Border Security Force (BSF), Central Reserve Police Force (CRPF), Central Industrial Security Force (CISF), Indo-Tibetan Border Police (ITBP)-সহ বিভিন্ন কেন্দ্রীয় বাহিনীর ডিজি-দের উপস্থিতিতে সমন্বয় বাড়ানোর উপর জোর দেওয়া হয়েছে। নির্দিষ্ট SOP মেনে সব বাহিনীকে একযোগে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
কমিশন সূত্রে খবর, প্রথম দফার ভোটে মোতায়েন থাকবে ২ হাজার ৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। দ্বিতীয় দফাতেও একই মাত্রার নিরাপত্তা বজায় রাখা হবে। শুধু কলকাতাতেই থাকবে প্রায় ২৫০ কোম্পানি। প্রতি ভোটকেন্দ্রে অন্তত হাফ সেকশন (৪ জন) জওয়ান থাকবেন। বুথের সংখ্যা বেশি হলে সেখানে ২ সেকশন (১৬ জন) পর্যন্ত বাহিনী মোতায়েন করা হবে। ১০ থেকে ১২টি বুথের জন্য থাকবে একটি করে কুইক রেসপন্স টিম (QRT)। পাশাপাশি থানা পিছু মোতায়েন থাকবে র্যাপিড টিম (RT) মোবাইল ও হাই রিস্ক ফোর্স সাপোর্ট (HRFS) ভ্যান।
এবারের ভোটে ‘লক্ষ্মণরেখা’ টানার সিদ্ধান্তও বিশেষ তাৎপর্যপূর্ণ। বুথের ১০০ মিটারের মধ্যে শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনীই নিরাপত্তা দেবে, এবং CAPF-এর অনুমতি ছাড়া কেউ সেখানে প্রবেশ করতে পারবেন না। গণ্ডগোলের আশঙ্কা থাকলে দ্রুত পৌঁছতে জওয়ানদের দেওয়া হচ্ছে মোটরবাইকও।
দেশের মুখ্য নির্বাচন কমিশনার Gyanesh Kumar স্পষ্ট বার্তা দিয়েছেন—ভোট হবে ভয়মুক্ত, হিংসামুক্ত, প্রলোভনমুক্ত এবং ছাপ্পামুক্ত। কোনওভাবেই প্রশাসনিক বা রাজনৈতিক প্রভাব যাতে ভোট প্রক্রিয়ায় না পড়ে, তা নিশ্চিত করতে বদ্ধপরিকর কমিশন।
এছাড়া মুখ্য নির্বাচনী আধিকারিক Manoj Kumar Agarwal জানিয়েছেন, বুথের ১০০ মিটারের মধ্যে একটি নির্দিষ্ট সীমারেখা টানা হবে, যা কঠোরভাবে নিয়ন্ত্রণ করবে কেন্দ্রীয় বাহিনী। এই পরিসরে আইনশৃঙ্খলার সম্পূর্ণ দায়িত্ব থাকবে তাঁদের উপরই।
সব মিলিয়ে, এবারের বিধানসভা ভোটে নিরাপত্তা নিয়ে কোনও ঝুঁকি নিতে নারাজ নির্বাচন কমিশন। নজিরবিহীন প্রস্তুতিতে স্পষ্ট—বার্তা একটাই, বাংলায় ভোট হবে অবাধ ও শান্তিপূর্ণ।







