খেলাধুলা

আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার প্রস্তুতিতে হার্দিক: দক্ষিণ আফ্রিকা সফরের আগেই বাধ্যতামূলক ঘরোয়া ম্যাচ খেলতে হবে তারকা অলরাউন্ডারকে

ভারতীয় দলের গুরুত্বপূর্ণ অলরাউন্ডার হার্দিক পাণ্ড্য অবশেষে চোট কাটিয়ে মূল স্রোতে ফেরার জন্য প্রস্তুত। মনে করা হচ্ছে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন এক দিনের সিরিজেই তিনি জাতীয় দলের জার্সিতে মাঠে নামতে পারেন। তবে এর আগে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিটনেস প্রমাণ করার জন্য তাঁকে ঘরোয়া ক্রিকেটে অংশ নিতে হবে।

গত এশিয়া কাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে গিয়ে এই অলরাউন্ডার চোট পেয়েছিলেন। এর ফলে তিনি পাকিস্তানের বিরুদ্ধে ফাইনাল থেকে শুরু করে পরবর্তী সব ম্যাচ থেকে দূরে ছিলেন। চোট সারাতে তিনি বেঙ্গালুরুতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সেন্টার অফ এক্সেলেন্সে (এনসিএ) গিয়েছিলেন। বিসিসিআইয়ের মেডিক্যাল টিমের কড়া নজরদারিতে তাঁর রিহ্যাব পর্ব চলে।বোর্ড সূত্র থেকে জানা গিয়েছে, হার্দিক এখন অনেকটাই চোটমুক্ত এবং খুব শিগগিরই বোর্ডের মেডিক্যাল টিম তাঁকে ম্যাচ খেলার জন্য ‘ফিট’ ঘোষণা করতে পারে।আন্তর্জাতিক ক্রিকেটে নামার অনুমতি পাওয়ার পর হার্দিকের প্রথম লক্ষ্য হলো সৈয়দ মুস্তাক আলি ট্রফি। ২৬ তারিখ থেকে শুরু হতে চলা এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে তিনি বডোদরার হয়ে মাঠে নামতে পারেন। এই ম্যাচগুলি হবে হায়দরাবাদে।

ঘরোয়া ক্রিকেট খেলার পর হার্দিককে আর বিশ্রাম দেওয়া হবে না। তাঁকে দ্রুত ভারতীয় শিবিরে যোগ দিতে হবে। কারণ, ৩০ নভেম্বর থেকে শুরু হতে চলেছে ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ়, যেখানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ়ের পর রয়েছে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়। প্রত্যাশা করা হচ্ছে, এই দুটি সিরিজেই হার্দিকের সার্ভিস পাবে ভারতীয় দল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.