কলকাতার অন্যতম ঐতিহ্য হলুদ ট্যাক্সি।বহু বছরের এই আকর্ষণ আজ বিলুপ্তির পথে। পরিবেশের স্বাস্থ্য এবং নাগরিক আধুনিকীকরণের কথা মাথায় রেখে ১৫ বছরের বেশি পুরোনো প্রায় ২,৫০০ ট্যাক্সিকে রাস্তায় নামার অযোগ্য ঘোষণা করা হয়েছে সরকারি তরফে।ফলত উদ্বেগের মুখে হলুদ ট্যাক্সি চালক,ইউনিয়ন এবং নাগরিকরাও। এতে কেবল আর্থিক সংকটই নয়,বরং সাংস্কৃতিক প্রতীক হারানোর সম্ভাবনা সম্পর্কেও সতর্ক করেছেন সচেতন শহরবাসী।
এই প্রেক্ষাপটে সেই সমস্যার উপায় খুঁজতে আসরে নামেন গীতিকার,লেখক,কবি এবং আবৃত্তিকার ঝর্ণা ভট্টাচার্য। আই কমিউনিকেশনস-এর সহযোগিতায় ‘হারানো সুরে হলুদ ট্যাক্সি’ নামে এক আলোচনা সভার আয়োজন করেন তিনি।
হলুদ ট্যাক্সির দীর্ঘস্থায়ী ঐতিহ্য এবং সরকারের সিদ্ধান্তের আগামী প্রভাব নিয়ে বক্তারা তাঁদের মতামত ভাগ করে নেন। তাঁরা এই সাংস্কৃতিক প্রতীক সংরক্ষণের গুরুত্ব,ট্যাক্সি ব্যবসার সঙ্গে জড়িতদের জীবিকা রক্ষার প্রয়োজনীয়তা এবং আধুনিকীকরণের সঙ্গে ঐতিহ্য সংরক্ষণের ভারসাম্য রক্ষার বিষয়গুলি নিয়ে আলোচনা করেন।







