সাংসদ মহুয়া মৈত্রর ব্যক্তিগত জীবন নিয়ে ইতিমধ্যেই নানা চর্চা। এবার সেই জল্পনার অবসান। নতুন জীবনের সঙ্গী হিসেবে যাঁকে বেছে নিয়েছেন তিনি, তাঁর নাম পিনাকী মিশ্র। একজন প্রাজ্ঞ রাজনীতিক, অভিজ্ঞ সাংসদ, আবার সুপ্রিম কোর্টের খ্যাতনামা আইনজীবীও বটে।
পিনাকী মিশ্র ওড়িশার পুরীর লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত সাংসদ। তাঁর রাজনৈতিক কেরিয়ার শুরু হয় ১৯৯৬ সালে, যখন তিনি ব্রজ কিশোর ত্রিপাঠীর মতো প্রভাবশালী প্রার্থীকে হারিয়ে সংসদে পা রাখেন। বর্তমানে তিনি একাধিক গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির সদস্য, যার মধ্যে রয়েছে স্ট্যান্ডিং কমিটি অন ফিন্যান্স ও বিজনেস অ্যাডভাইসরি কমিটি।
তবে শুধু রাজনৈতিক পরিচয়েই নয়, পিনাকী মিশ্রর আরও এক গর্বের পরিচয়— তিনি সুপ্রিম কোর্টের একজন দক্ষ আইনজীবী। সংসদে তাঁর বক্তব্যে থাকে যুক্তি, শালীনতা ও গভীরতা। একদিকে পিনাকীর এমন সংযত ভাষা, অন্যদিকে মহুয়া মৈত্রর ঝাঁঝালো রাজনৈতিক আক্রমণ— এই জুটি যেন একেবারে ‘কনট্রাস্ট কাপল’!
উল্লেখযোগ্যভাবে, এটি মহুয়া মৈত্রর দ্বিতীয় বিয়ে। এর আগে তিনি ড্যানিশ ব্যাঙ্কার লার্স ব্ররসনের সঙ্গে বিবাহসূত্রে আবদ্ধ ছিলেন। তবে সে সম্পর্ক ভেঙে যায়। পরবর্তী সময়ে সুপ্রিম কোর্টের আইনজীবী জয় অনন্ত দেহদ্রাইয়ের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার খবর শিরোনামে উঠে আসে, যা নিয়ে বিস্তর বিতর্কও হয়েছিল।
এই বিয়ের মাধ্যমে মহুয়া নিজের জীবনের এক নতুন অধ্যায়ে পা রাখলেন। রাজনীতি, বিতর্ক আর ব্যক্তিগত ওঠাপড়ার গণ্ডি পেরিয়ে এবার তিনি নতুনভাবে শুরু করছেন জীবনের নতুন ইনিংস।







