যেন নাটকের চিত্রনাট্য! ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে এজবাস্টনে ঘটে গেল রুদ্ধশ্বাস ওঠানামা। সকালে ম্যাচের রাশ ছিল ভারতের হাতে, দুপুরে ইংল্যান্ড দাপট দেখাল, আর দিনের শেষে ফের পালটা আঘাত ভারতের। দিনের শেষ দুই ঘণ্টায় সিরাজ-আকাশদীপের বিধ্বংসী স্পেলে গুড়িয়ে গেল ইংল্যান্ড। প্রথম ইনিংসে ১৮০ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ভারত আবারও শক্ত ভিত গড়ে তোলে।
সকালের আলোয় শুরুটা ছিল ভারতের দখলে। মহম্মদ সিরাজ প্রথমেই জো রুট ও বেন স্টোকসকে ফেরান পরপর দুই বলে। ইংল্যান্ড তখন ৮৪/৫। সেখান থেকে হ্যারি ব্রুক ও জেমি স্মিথের ৩০৩ রানের অবিশ্বাস্য পার্টনারশিপে ম্যাচ ফিরে আসে ইংল্যান্ডের ঘরে। ব্রুক ১৫৮ আর স্মিথ অপরাজিত ১৮৪ রানে লড়াই চালান। কিন্তু অন্য প্রান্তে সঙ্গীর অভাবে দ্বিশতরান পাননি স্মিথ।
ভারতের বোলিংয়ে ভাটা দেখা যায় ব্রুক-স্মিথের জুটির সময়। প্রসিদ্ধ কৃষ্ণ আর ওয়াশিংটন সুন্দর ছন্দে ছিলেন না। বিশেষ করে প্রসিদ্ধ এক ওভারে দেন ২৩ রান, যেখানে স্মিথ হাঁকান এক ছক্কা ও চারটি চার। সেখান থেকেই চাপ বাড়তে থাকে ভারতের উপর।
কিন্তু দ্বিতীয় নতুন বল বদলে দেয় ম্যাচের গতি। আকাশদীপের বলে ব্রুক আউট হতেই শুরু হয় ধস। আকাশ ফেরান ওকসকে, সিরাজ শেষ করে দেন ইংল্যান্ডের ইনিংস — পরপর তিন ব্যাটারকে শূন্য রানে ফিরিয়ে। ৭০ রানে ৬ উইকেট সিরাজের, আকাশদীপের ৪টি। ইংল্যান্ড অলআউট ৪০৭।
ভারতের দ্বিতীয় ইনিংসেও শুরুটা ভালো। ৬৪/১ স্কোর, যশস্বী ২৮ রানে এলবিডব্লিউ হলেও ডিআরএস না নেওয়ার নাটক ঘিরে তৈরি হয় উত্তেজনা। তবে লোকেশ রাহুল ও করুণ নায়ার ক্রিজে অবিচল। ভারতের লিড এখন ২৪৪ রানে — হাতে ৯ উইকেট। চতুর্থ দিনে দাপট ধরে রাখতে পারলেই ম্যাচ ভারতের হাতের মুঠোয়।







